দলছুট দাঁতাল হাতির হানায় বৃদ্ধের মৃত্যু, আতঙ্ক গোয়ালতোড়ে।

পশ্চিম মেদিনীপুর, নিজস্ব সংবাদদাতা:- দলছুট দাঁতাল হাতির আক্রমণে এক বৃদ্ধের মর্মান্তিক মৃত্যুর ঘটনায় চাঞ্চল্য ছড়াল পশ্চিম মেদিনীপুর জেলার গোয়ালতোড় থানার কেড়ুমারা এলাকায়।
জানা গিয়েছে, মৃতের নাম তপন মাহাতো, বয়স আনুমানিক ৬৫ থেকে ৭০ বছর। শনিবার সকালে জঙ্গলে মহুল কুড়াতে গিয়েছিলেন তিনি। সেই সময় আচমকাই একটি দলছুট দাঁতাল হাতির সামনে পড়ে যান এবং হাতির আক্রমণের শিকার হন বলে জানা গেছে।
ঘটনার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় গোয়ালতোড় থানার পুলিশ। পরে মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়।
এই ঘটনার পর থেকেই এলাকায় তীব্র আতঙ্কের পরিবেশ তৈরি হয়েছে। স্থানীয় বাসিন্দারা জঙ্গলে যাওয়ার ক্ষেত্রে চরম সতর্কতা অবলম্বন করছেন। বনদপ্তরের পক্ষ থেকেও এলাকাবাসীকে সাবধানে চলাফেরা করার পরামর্শ দেওয়া হয়েছে বলে জানা গেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *