মালদা, নিজস্ব সংবাদদাতা:- আসন্ন বিধানসভা নির্বাচনকে সামনে রেখে মালদায় আইন-শৃঙ্খলা জোরদার করতে তৎপর পুলিশ প্রশাসন। রবিবার রতুয়া থানায় পরিদর্শনে গিয়ে সমাজবিরোধীদের উদ্দেশ্যে কড়া বার্তা দিলেন জেলা পুলিশ সুপার অনুপম সিং।
তিনি স্পষ্টভাবে জানান, সমাজবিরোধীদের চিহ্নিত করা হয়েছে। নির্বাচনের সময় কোনও বেআইনি কাজ করলে কড়া পদক্ষেপ নেওয়া হবে, প্রয়োজনে গ্রেফতারও করা হবে।
এদিন মালদা রেঞ্জের ডিআইজি দীপনারায়ণ গোস্বামী-এর নেতৃত্বে জেলার বিভিন্ন থানায় পরিদর্শন করা হয়। তাঁর সঙ্গে ছিলেন পুলিশ সুপার অনুপম সিং। একাধিক থানার পাশাপাশি রতুয়া থানাতেও যান তাঁরা।
সেখানে গিয়ে থানার পুলিশ আধিকারিকদের সঙ্গে আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে বিস্তারিত আলোচনা করেন দুই শীর্ষ পুলিশ কর্তা। নির্বাচনের সময় স্পর্শকাতর এলাকায় নজরদারি বাড়ানো, টহলদারি জোরদার করা এবং শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখার বিষয়ে বিশেষ গুরুত্ব দেওয়া হয়।
পরিদর্শন শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে পুলিশ কর্তারা জানান, অবাধ ও সুষ্ঠু নির্বাচন করাতে তারা বদ্ধপরিকর। সাধারণ মানুষ যাতে নির্ভয়ে ভোটাধিকার প্রয়োগ করতে পারেন, সেই লক্ষ্যে সব ধরনের প্রস্তুতি নেওয়া হচ্ছে।
নির্বাচনের আগে রতুয়ায় কড়া বার্তা পুলিশের, সমাজবিরোধীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি।












Leave a Reply