বেহাল রাস্তায় হাঁটু জল, ধান রোপণ করে বিক্ষোভ—ভোট বয়কটের হুঁশিয়ারি গ্রামবাসীদের।

মালদা, নিজস্ব সংবাদদাতা:- দীর্ঘদিনের বেহাল রাস্তা ও জলজমা সমস্যার প্রতিবাদে অভিনব পথে বিক্ষোভ দেখালেন গ্রামবাসীরা। হাঁটু সমান জলে ভরা রাস্তায় নেমে ধানের চারা রোপণ করে ক্ষোভ উগরে দিলেন মালদহের রতুয়া ১ নম্বর ব্লকের বাহারাল অঞ্চলের সাহাপুর হাজিটোলা এলাকার বাসিন্দারা।
স্থানীয়দের অভিযোগ, বছরের অধিকাংশ সময়ই এই রাস্তায় জল জমে থাকে। বারবার জনপ্রতিনিধি ও প্রশাসনকে জানানো হলেও সমস্যার কোনও স্থায়ী সমাধান হয়নি। ফলে চরম দুর্ভোগে দিন কাটাচ্ছেন এলাকার মানুষ।
গ্রামবাসীদের দাবি, এটি জেলা তৃণমূল সভাপতির বুথ হওয়া সত্ত্বেও দীর্ঘদিন ধরে এমন দুরবস্থা চলছে। তাঁরা তৃণমূলের বর্ষীয়ান বিধায়ক সমর মুখার্জি-র বিরুদ্ধেও ক্ষোভ প্রকাশ করেন।
বিক্ষোভে অংশ নেওয়া স্থানীয়রা স্পষ্ট জানিয়ে দেন, দ্রুত রাস্তার সংস্কার ও জলনিকাশি ব্যবস্থা না হলে আসন্ন বিধানসভা নির্বাচনে ভোট বয়কট করবেন তারা।
অন্যদিকে, রতুয়া ১ নম্বর ব্লকের মিম সভাপতি শেখ জাহাঙ্গীর আশ্বাস দিয়ে বলেন, “আমরা ক্ষমতায় এলে এই এলাকার জলনিকাশি সমস্যার স্থায়ী সমাধান করা হবে।”
সব মিলিয়ে, সাধারণ মানুষের দীর্ঘদিনের ক্ষোভ এবার ভোটের মুখে বড় আকার নিতে চলেছে বলেই মনে করছে রাজনৈতিক মহল।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *