মালদায় প্রাক্তন কংগ্রেস বিধায়কের গাড়ি থেকে আগ্নেয়াস্ত্র উদ্ধার, চাঞ্চল্য।

মালদা, নিজস্ব সংবাদদাতা:- বিধানসভা নির্বাচনের প্রাক্কালে মালদায় প্রাক্তন কংগ্রেস বিধায়কের গাড়ি থেকে আগ্নেয়াস্ত্র উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে। তবে এই ঘটনাকে ঘিরে রাজনৈতিক চাপানউতোরও শুরু হয়েছে।
শনিবার সন্ধ্যায় পুরাতন মালদার ১২ নম্বর জাতীয় সড়কের চেঁচু মোড়ে নাকা চেকিং চলাকালীন একটি স্করপিও গাড়ি আটক করে মালদা থানার পুলিশ। তল্লাশিতে গাড়ির সামনের ডিকি থেকে একটি ৭ এমএম পিস্তল উদ্ধার হয়। এরপর গাড়িতে থাকা ছয় জন যুবককে গ্রেফতার করা হয়। পুলিশ গাড়ি সহ আগ্নেয়াস্ত্র বাজেয়াপ্ত করেছে এবং ধৃতদের মালদা জেলা আদালতে পেশ করা হয়েছে।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, ধৃতদের বাড়ি ইংলিশ বাজার শহরের ফুলবাড়ি ও কমলাবাড়ি এলাকায়। তারা প্রাক্তন কংগ্রেস বিধায়ক মোস্তাকিন আলম-এর আত্মীয় বলে জানা গেছে।
এই ঘটনায় কংগ্রেসের জেলা কার্যনির্বাহী সদস্য মান্তু ঘোষ দাবি করেন, উদ্ধার হওয়া আগ্নেয়াস্ত্রটি বৈধ লাইসেন্সপ্রাপ্ত এবং প্রাক্তন বিধায়কের ব্যক্তিগত ব্যবহারের জন্য রাখা ছিল। ঈদের আগে ব্যস্ততার মধ্যে সেটি ভুলবশত গাড়িতে থেকে যায় এবং পরে আত্মীয়রা গাড়িটি ব্যবহার করায় এই পরিস্থিতির সৃষ্টি হয়। তিনি বলেন, “এটি সম্পূর্ণ অনিচ্ছাকৃত ভুল, এর পিছনে কোনও অসৎ উদ্দেশ্য নেই।”
অন্যদিকে পুরাতন মালদা পৌরসভার চেয়ারম্যান বিভূতি ঘোষ বলেন, “নির্বাচনের আগে এই ধরনের ঘটনা প্রশ্ন তো তুলবেই। লাইসেন্সপ্রাপ্ত হলেও প্রাক্তন বিধায়ক উপস্থিত না থাকলে আগ্নেয়াস্ত্রটি গাড়িতে কেন ছিল, তা খতিয়ে দেখা দরকার।”
প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, পুরো বিষয়টি তদন্তাধীন এবং সমস্ত দিক খতিয়ে দেখা হচ্ছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *