বালুরঘাটে বামফ্রন্টের কর্মীসভায় উপচে পড়া ভিড়, তৃণমূল-বিজেপিকে কড়া আক্রমণ।

নিজস্ব সংবাদদাতা, বালুরঘাট:- তৃণমূলের দুর্নীতি ও বিজেপির জনবিরোধী নীতির বিরুদ্ধে সরব হয়ে দক্ষিণ দিনাজপুরের বালুরঘাট বিধানসভায় বামফ্রন্টের কর্মীসভায় উপচে পড়ল কর্মী ও সাধারণ মানুষের ভিড়। সোমবার বিকেলে বালুরঘাট নাট্যমন্দির সভাকক্ষে প্রায় ছয়শো কর্মীর উপস্থিতিতে অনুষ্ঠিত হয় এই সভা।
এদিন সভায় বক্তব্য রাখতে গিয়ে বালুরঘাট বিধানসভার বামফ্রন্ট প্রার্থী অর্ণব চৌধুরী অভিযোগ করেন, কৃষিভিত্তিক দক্ষিণ দিনাজপুর জেলার কৃষকরা ধান, পাট, আলু সহ বিভিন্ন ফসলের ন্যায্য মূল্য না পেয়ে চরম সংকটে দিন কাটাচ্ছেন। তিনি দাবি করেন, ফসলের সঠিক দাম না পাওয়ার কারণে অনেক কৃষক আত্মহত্যা পর্যন্ত করতে বাধ্য হয়েছেন।
এছাড়াও তিনি অভিযোগ তোলেন, সম্প্রতি এসআইআর নিয়ে তৃণমূল ও বিজেপির রাজনৈতিক দ্বন্দ্বে সাধারণ মানুষ প্রতিনিয়ত হয়রানির শিকার হচ্ছেন।
সভায় উপস্থিত অন্যান্য নেতৃত্বও বলেন, জেলার শিক্ষিত ও যোগ্য যুবক-যুবতীরা চাকরির পরীক্ষা দিয়েও দুর্নীতির কারণে চাকরি পাচ্ছেন না। ধর্মের ভিত্তিতে বিভেদ সৃষ্টির বিরুদ্ধে সোচ্চার হয়ে বামফ্রন্টকে সমর্থনের আহ্বান জানান তাঁরা।
এদিন সভায় উপস্থিত ছিলেন জেলা বামফ্রন্ট আহ্বায়ক নন্দলাল হাজরা, সুব্রত দাস, সুচেতা বিশ্বাস সহ অন্যান্য নেতৃবৃন্দ। সভা পরিচালনা করেন অনিমেষ চক্রবর্তী ও অমর সরকার।
সভা শেষে বালুরঘাট শহরে একটি বিশাল মিছিলও সংগঠিত হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *