মালদায় থানা পরিদর্শনে নতুন পুলিশ সুপার, সমাজবিরোধীদের কড়া হুঁশিয়ারি।

মালদা, নিজস্ব সংবাদদাতা:- নির্বাচন ঘোষণার পর মালদা জেলায় পুলিশ সুপারের রদবদল হওয়ার পর নবনিযুক্ত পুলিশ সুপার অনুপম সিং দায়িত্ব নিয়ে জেলায় বিভিন্ন থানায় পরিদর্শন শুরু করেছেন।
সোমবার রাতে তিনি হবিবপুর ও বানগোলা থানায় পরিদর্শনে যান। থানায় পৌঁছাতেই তাঁকে গার্ড অফ অনার ও স্যালুট জানানো হয়। এরপর থানার অফিসারদের সঙ্গে বৈঠক করে আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে বিস্তারিত আলোচনা করেন তিনি।
পুলিশ সুপার স্পষ্ট বার্তা দেন, সমাজবিরোধীদের ইতিমধ্যেই চিহ্নিত করা হয়েছে। নির্বাচনের সময় কেউ আইনবিরুদ্ধ কাজ করলে তাদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়া হবে, প্রয়োজনে গ্রেপ্তারও করা হবে।
এদিন তিনি হবিবপুর থানার আইসি কৌশিক বিশ্বাস-কে সঙ্গে নিয়ে বিভিন্ন নাকা পয়েন্ট ঘুরে দেখেন এবং নিরাপত্তা ব্যবস্থার খতিয়ান নেন।
সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে অনুপম সিং জানান, অবাধ ও সুষ্ঠু নির্বাচন নিশ্চিত করতে পুলিশ প্রশাসন বদ্ধপরিকর। সেই লক্ষ্যে জেলার প্রতিটি থানায় নজরদারি বাড়ানো হচ্ছে এবং প্রয়োজনীয় সব ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।
তিনি সাধারণ মানুষের উদ্দেশ্যে বার্তা দেন, নির্বাচন সংক্রান্ত কোনও সমস্যা বা অসুবিধা হলে যেন সঙ্গে সঙ্গে প্রশাসনকে জানানো হয়। মালদা জেলা পুলিশ সর্বদা মানুষের পাশে রয়েছে বলেও আশ্বাস দেন তিনি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *