গঙ্গা পুজোয় ভক্তিময় পরিবেশ, জটেশ্বরে উৎসবের আমেজ।

আলিপুরদুয়ার, নিজস্ব সংবাদদাতা:- অষ্টমীর পুণ্যস্নানকে কেন্দ্র করে ফালাকাটা ব্লকের বিভিন্ন এলাকার পাশাপাশি পুণ্যার্থীদের ভিড়ে জমে উঠল জটেশ্বর আলিনগর বাঁধের পাড়। বৃহস্পতিবার স্থানীয় লাল সাধুর উদ্যোগে সেখানে গঙ্গা পুজো ও অষ্টমীর স্নানের বিশেষ আয়োজন করা হয়। ওই অনুষ্ঠানের উদ্বোধন করেন জটেশ্বরের বিশিষ্ট সমাজসেবী বাবলু রহমান। আয়োজকদের পক্ষ থেকে তাঁকে আন্তরিকভাবে বরণ করে নেওয়া হয়। এদিন ধর্মীয় আচার-অনুষ্ঠানের মধ্য দিয়ে গঙ্গা পুজো সম্পন্ন হয়, যার ফলে সমগ্র এলাকায় এক ভক্তিময় পরিবেশের সৃষ্টি হয়। এদিন ভোর থেকেই পুণ্যার্থীদের ভিড় জমতে শুরু করে। দূর-দূরান্ত থেকে বহু মানুষ অষ্টমীর পুণ্যস্নানে অংশ নিতে উপস্থিত হন। পাশাপাশি মেলার আমেজে জমে ওঠে ওই এলাকা জিলিপি, মিষ্টি, দই, চিঁড়ে, বেলুনসহ নানা সামগ্রী নিয়ে বসেন স্থানীয় দোকানদাররা। সব মিলিয়ে অষ্টমীর এই পুণ্যস্নান ও গঙ্গা পুজোকে কেন্দ্র করে ওই এলাকায় উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *