নির্বাচনের আগে উত্তেজনা, গুয়াবারনগরে রাজনৈতিক টানাপোড়েন।

আলিপুরদুয়ার, নিজস্ব সংবাদদাতা:- ফালাকাটা বিধানসভা কেন্দ্রের গুয়াবার নগরে বিজেপির ব্যানার ছেঁড়াকে কেন্দ্র করে শুরু হয়েছে রাজনৈতিক চাপানউতোর। সোমবার সকালে স্থানীয় বিজেপি নেতৃত্ব অভিযোগ করেন, গুয়াবারনগর ট্রান্সফরমার মোড় এলাকায় নির্বাচনি প্রচারের অংশ হিসেবে লাগানো একাধিক দলীয় ব্যানার রাতের অন্ধকারে কেউ বা কারা ছিঁড়ে দিয়েছে। এদিন সকালে বিষয়টি নজরে আসতেই এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। গুয়াবারনগর গ্রাম পঞ্চায়েতের ১৩/১৬১ নম্বর বুথ এলাকায় সাময়িক উত্তেজনা ছড়িয়ে পড়ে। স্থানীয় বিজেপি কর্মী-সমর্থকেরা ঘটনাস্থলে জড়ো হয়ে ক্ষোভ প্রকাশ করেন। বিজেপির পক্ষ থেকে এই ঘটনার জন্য তৃণমূল কংগ্রেসের দিকে অভিযোগের আঙুল তোলা হয়েছে। তাদের দাবি, পরিকল্পিতভাবে নির্বাচনের আগে এলাকায় অশান্তি সৃষ্টি করতেই এই ধরনের ঘটনা ঘটানো হয়েছে। যদিও এই অভিযোগ সম্পূর্ণভাবে অস্বীকার করেছে তৃণমূল কংগ্রেস নেতৃত্ব। তৃণমূলের দাবি, বিজেপি নিজেরাই এই ধরনের ঘটনা ঘটিয়ে রাজনৈতিক ফায়দা লোটার চেষ্টা করছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *