জনসংযোগে জোর, ময়রাডাঙ্গায় তৃণমূলের শক্তি প্রদর্শন।

আলিপুরদুয়ার, নিজস্ব সংবাদদাতা:- মঙ্গলবার ফালাকাটা বিধানসভা কেন্দ্রে তৃণমূল কংগ্রেস প্রার্থী সুভাষ চন্দ্র রায়ের সমর্থনে ময়রাডাঙ্গা অঞ্চলে দেখা গেল জমজমাট নির্বাচনী প্রচার। সকাল থেকেই উৎসাহের সঙ্গে বিভিন্ন এলাকায় ঘুরে জনসংযোগে অংশ নেন দলের নেতা-কর্মীরা। বাড়ি বাড়ি পৌঁছে সাধারণ মানুষের সঙ্গে কথা বলে সরকারের উন্নয়নমূলক কাজ তুলে ধরেন এবং আসন্ন নির্বাচনে তৃণমূল কংগ্রেসের পক্ষে সমর্থন প্রার্থনা করেন। এদিন প্রচারের পাশাপাশি ময়রাডাঙ্গা অঞ্চলের ১৩/১৬৮ নম্বর বুথের কুঞ্জনগর এলাকায় ৮টি পরিবার বিজেপি ছেড়ে তৃণমূল কংগ্রেসে যোগদান করে। নবাগতদের হাতে দলীয় পতাকা তুলে দিয়ে আনুষ্ঠানিক ভাবে দলে স্বাগত জানানো হয়। এদিনের ওই কর্মসূচিতে নেতৃত্ব দেন আলিপুরদুয়ার জেলা তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক শুভব্রত দে। তাঁর নেতৃত্বে গোটা ময়রাডাঙ্গা অঞ্চল চষে বেড়ান প্রার্থী সুভাষ চন্দ্র রায়। নির্বাচনের আগে এই ধরনের যোগদান ও প্রচার তৃণমূল শিবিরে বাড়তি উৎসাহ জোগাচ্ছে বলে মনে করছে রাজনৈতিক মহল।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *