শিবপুরে রুদ্রনীলের তোপ, তৃণমূলকে ‘বোঝা’ তকমা।

শিবপুর, নিজস্ব সংবাদদাতা:- ২০২৬ বিধানসভা নির্বাচনের আবহে শিবপুরে রাজনৈতিক উত্তাপ আরও বাড়ালেন বিজেপি প্রার্থী তথা টলিউড অভিনেতা রুদ্রনীল ঘোষ। সোমবার সানপুরে বিজেপির নির্বাচনী কার্যালয়ের উদ্বোধনে এসে তিনি শাসক দল তৃণমূল কংগ্রেস-কে কড়া ভাষায় আক্রমণ করেন।
নিজেকে এলাকার “ঘরের ছেলে” বলে দাবি করে রুদ্রনীল বলেন, শিবপুরের অলিগলি তাঁর চেনা, তাই বাইরের কোনও প্রার্থীকে মানুষ মেনে নেবে না। তিনি বিদায়ী বিধায়ককে নিশানা করে বলেন, “তিনি চুরি করেছেন, মানুষের কাজ করেননি। সেই কারণেই দল তাঁকে আর টিকিট দেয়নি।”
এখানেই থেমে না থেকে তৃণমূলের নতুন প্রার্থীকে নিয়েও কটাক্ষ করেন তিনি। তাঁর দাবি, “যাঁকে বালি থেকে আনা হয়েছে, তিনি সেখানেও কোনও কাজ করেননি। এখন তাঁকে বালিতে হাতজোড় করে ক্ষমা চাইতে হচ্ছে। শিবপুরের মানুষ এই ‘বোঝা’ বইবে না।”
রুদ্রনীলের এই মন্তব্যে শিবপুরের রাজনৈতিক মহলে চাঞ্চল্য তৈরি হয়েছে। আসন্ন নির্বাচনে “ভূমিপুত্র বনাম বহিরাগত” ইস্যু কতটা প্রভাব ফেলবে, তা নিয়ে ইতিমধ্যেই জোর চর্চা শুরু হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *