কলকাতা, নিজস্ব সংবাদদাতা:- মধ্যপ্রাচ্যের যুদ্ধ পরিস্থিতির প্রভাব এবার সরাসরি পড়তে শুরু করেছে শহর কলকাতার ছোট-বড় খাবারের হোটেল ও স্ট্রিট ফুড ব্যবসায়। রান্নার গ্যাস বা এলপিজি সরবরাহে ঘাটতি দেখা দেওয়ায় চরম সমস্যায় পড়েছেন হোটেল মালিকরা।
প্রতিদিন কাজের ফাঁকে বা যাতায়াতের সময় যেসব মানুষ রাস্তার ধারের ছোট হোটেলগুলোতে ভরসা করে খাবার খান, সেই হোটেলগুলোর অনেকই এখন বন্ধের মুখে। এলপিজি সিলিন্ডার ঠিকমতো না পাওয়ায় বিকল্প হিসেবে কাঠ বা কয়লার ওপর নির্ভর করতে হচ্ছে ব্যবসায়ীদের।
তবে কাঠ-কয়লা দিয়ে রান্না করা যেমন সময়সাপেক্ষ, তেমনই খরচও অনেক বেশি। ফলে হোটেল চালানো ক্রমশ কঠিন হয়ে উঠছে। অনেক মালিক জানিয়েছেন, বাজারে কাঠ-কয়লার দামও এখন চড়া, ফলে বাড়তি খরচ সামলাতে হিমশিম খেতে হচ্ছে।
অন্যদিকে, খরচ বেড়ে যাওয়ায় খাবারের দাম বাড়াতে বাধ্য হচ্ছেন অনেকেই। কিন্তু দাম বাড়লে ক্রেতারা মুখ ফিরিয়ে নিচ্ছেন, যার ফলে ব্যবসায় ক্ষতির মুখে পড়তে হচ্ছে। আবার দাম না বাড়ালে লোকসান বাড়ছে—এই দুইয়ের মাঝখানে পড়ে দিশেহারা হয়ে পড়েছেন হোটেল ব্যবসায়ীরা।
বর্তমান পরিস্থিতিতে কতদিন এইভাবে ব্যবসা চালানো সম্ভব, তা নিয়ে গভীর উদ্বেগে রয়েছেন কলকাতার হোটেল মালিকরা। দ্রুত গ্যাস সরবরাহ স্বাভাবিক না হলে আগামী দিনে আরও বড় সংকট তৈরি হতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছেন সংশ্লিষ্ট মহল।
এলপিজি সঙ্কটে দিশেহারা শহরের হোটেল মালিকরা, কাঠ-কয়লায় ভরসা।












Leave a Reply