বালুরঘাট, নিজস্ব সংবাদদাতা:- ৩১শে মার্চ, মঙ্গলবার বিকেলে একলাখি বালুরঘাট রেলযাত্রী কল্যাণ ও সমাজ উন্নয়ন সমিতির উদ্যোগে সমিতির নিজস্ব কার্যালয়ে বিশিষ্ট রাজনৈতিক ব্যক্তিত্ব ও সমাজসেবী শশাঙ্ক ধর চৌধুরীর ১২তম স্মরণ সভা অনুষ্ঠিত হয়।
ওয়েস্ট বেঙ্গল গভমেন্ট এমপ্লয়িজ ইউনিয়ন (নবপর্যায়) ৯১-এর প্রতিষ্ঠাতা শশাঙ্ক ধর চৌধুরীর প্রতি শ্রদ্ধা নিবেদনের জন্য আয়োজিত এই সভায় সমিতির চেয়ারম্যান, সম্পাদক এবং অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন। এছাড়াও তাঁর দুই মেয়ে, নাতনি এবং শহরের অন্যান্য বিশিষ্ট ব্যক্তিরাও অনুষ্ঠানে অংশগ্রহণ করেন।
অনুষ্ঠানের সূচনা হয় শশাঙ্ক ধর চৌধুরীর প্রতিকৃতিতে মাল্যদান ও পুষ্পার্ঘ্য নিবেদনের মাধ্যমে। এরপর উপস্থিত ব্যক্তিরা তাঁর জীবন, রাজনৈতিক সংগ্রাম ও সমাজসেবার অবদান নিয়ে আবেগঘন স্মৃতিচারণা করেন। তাঁর সাধারণ মানুষের প্রতি ভালোবাসা এবং সমাজসেবার প্রতি অঙ্গীকারকে তুলে ধরে আলোচনা হয়।
সমিতির এই উদ্যোগ শশাঙ্ক ধর চৌধুরীর স্মৃতিকে অমলিন রাখার পাশাপাশি আগামী প্রজন্মকে সমাজসেবার প্রতি অনুপ্রাণিত করার একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে প্রশংসা কুড়িয়েছে।












Leave a Reply