দক্ষিণ দিনাজপুর, নিজস্ব সংবাদদাতা :- বিজেপির বিক্ষুব্ধ নেতা সুশীল মার্ডি বিজেপি ছেড়ে নির্দল হিসেবে নির্বাচনের লড়তে চলেছেন। সুশীল মার্ডি দক্ষিণ দিনাজপুর বিজেপির এসটি মোর্চার জেলা সভাপতি। বালুরঘাটের বিজেপি প্রার্থী পছন্দ না হওয়ায় তার এই সিদ্ধান্ত বলে জানিয়েছেন। স্বাভাবিকভাবেই এই ঘটনায় জেলার রাজনৈতিক মহলে, বিশেষত বিজেপির অন্দরে চাঞ্চল্য ছড়িয়েছে।
বালুরঘাটের বিজেপি বিধায়ক অশোক লাহিড়ীকে টিকিট দেওয়া হয়নি। তার বদলে দলের বাইরে থেকে এনে বিদ্যুৎ রায়কে প্রার্থী করা হয়েছে। সেই প্রতিবাদে এবার বিজেপির এসটি মোর্চার জেলা সভাপতি সুশীল মার্ডি এবার নির্দল হিসেবেই ভোটে লড়ার ঘোষণা করলেন সাংবাদিক সম্মেলন করে। আগামী চার তারিখে তিনি নির্দল প্রার্থী হিসেবে মনোনয়নপত্র জমা দেবেন। সুশীলের বক্তব্য, বিজেপির আদর্শেই নির্দল হিসেবে লড়াই করব। বালুরঘাটের একটি বেসরকারি লজে দলীয় বেশকিছু কর্মীদের নিয়ে বৈঠকের পর এই সিদ্ধান্ত জানান তিনি।
এদিকে এই ঘটনায় বিজেপির জেলা সভাপতি স্বরূপ চৌধুরী জানান, প্রার্থী নির্বাচন হয় দলীয় সিদ্ধান্ত থেকে। ফলে পছন্দ-অপছন্দের এখানে কোনো গুরুত্ব নেই। অন্যদিকে তিনি জানান, বিষয়টি দলের উচ্চস্তরে জানানো হয়েছে। সুশীল মার্ডির এই দল বিরোধী কার্যকলাপে শীঘ্রই দল থেকে তাকে বহিস্কারের সিদ্ধান্ত নেওয়া হবে।












Leave a Reply