কালিয়াচক কাণ্ডে তৃতীয় দিনেও জোরদার NIA তদন্ত, ১৫০-র বেশি জিজ্ঞাসাবাদ।

মালদা, নিজস্ব সংবাদদাতা:- মালদার কালিয়াচক কাণ্ডে টানা তৃতীয় দিনেও জোরদার তদন্ত চালাচ্ছে ন্যাশনাল ইনভেস্টিগেশন এজেন্সি (NIA)। রবিবার কালিয়াচক ২ নম্বর ব্লক এলাকায় দফায় দফায় জিজ্ঞাসাবাদ ও তথ্য সংগ্রহের কাজ চালানো হয়।
সূত্রের খবর, প্রাথমিক তদন্ত পর্ব শেষ করে আজই তদন্তকারী দল কলকাতা-য় ফিরতে পারে। আগামীকালই তারা প্রাথমিক রিপোর্ট জমা দিতে পারে বলে জানা গিয়েছে। সেই কারণে শেষ মুহূর্তে তদন্তে আরও গতি আনা হয়েছে।
ইতিমধ্যেই NIA-র একটি বিশেষ দল কলকাতার বালিগঞ্জে আক্রান্ত এক বিচারকের বাড়িতে পৌঁছে তাঁর সঙ্গে বিস্তারিত কথা বলে। ঘটনার আগে ও পরে কী কী ঘটেছিল, কতজনের জমায়েত ছিল এবং নিরাপত্তা ব্যবস্থায় কোনও ত্রুটি ছিল কি না—সেসব দিক খতিয়ে দেখা হচ্ছে।
পাশাপাশি পুলিশ, কেন্দ্রীয় বাহিনী ও জেলা প্রশাসনকে আগাম কতটা জানানো হয়েছিল, সেই বিষয়েও তদন্ত চলছে।
রবিবার সকালেই কালিয়াচক ২ নম্বর ব্লক দপ্তরে তলব করা হয় মালদার অতিরিক্ত জেলা শাসক (উন্নয়ন) অনিন্দ্র সরকার-কে। প্রশাসনের পক্ষ থেকে পূর্ণাঙ্গ রিপোর্ট সংগ্রহ করাই এই তলবের উদ্দেশ্য বলে জানা গিয়েছে।
সূত্রের খবর, এখনও পর্যন্ত প্রায় ১৫০ জনের বেশি মানুষকে ডেকে দফায় দফায় জিজ্ঞাসাবাদ করেছে ন্যাশনাল ইনভেস্টিগেশন এজেন্সি। তদন্তকারীদের মতে, এই জিজ্ঞাসাবাদ থেকেই গুরুত্বপূর্ণ সূত্র মিলতে পারে, যা প্রাথমিক রিপোর্টে বড় ভূমিকা নেবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *