বিজেপি ছেড়ে নির্দল লড়াই, রাজনৈতিক মহলে চর্চায় দিলীপ বর্মন।

আলিপুরদুয়ার, নিজস্ব সংবাদদাতা:- ফালাকাটা বিধানসভা কেন্দ্রে নির্দল প্রার্থী দিলীপ বর্মন বৃহস্পতিবার জটেশ্বর শিব মন্দিরে পুজো অর্চনার মাধ্যমে তাঁর নির্বাচনী প্রচারের আনুষ্ঠানিক সূচনা করেন। এদিন তিনি মন্দিরে উপস্থিত হয়ে পুজো দেন এবং এলাকার মানুষের মঙ্গল কামনা করেন। পুজো শেষে তিনি জটেশ্বর বাজার এলাকায় ঘুরে স্থানীয় ব্যবসায়ী ও সাধারণ মানুষের সঙ্গে কথা বলেন। তাঁদের বিভিন্ন সমস্যার কথা মনোযোগ সহকারে শোনেন এবং নির্বাচনে তাকে সমর্থনের আবেদন জানান। জানা গিয়েছে, ফালাকাটা বিধানসভার অন্তর্গত জটেশ্বর-২ গ্রাম পঞ্চায়েতের ১৩/১৪৭ নম্বর বুথের বিজেপি পঞ্চায়েত সদস্য হিসেবে পরিচিত দিলীপ বর্মন এবারের নির্বাচনে নির্দল প্রার্থী হিসেবে নিজের মনোনয়ন পেশ করেছেন। তাঁর এই সিদ্ধান্তকে ঘিরে এলাকায় রাজনৈতিক মহলে ইতিমধ্যেই চর্চা শুরু হয়েছে। এদিন নির্দল প্রার্থী দিলীপ বর্মন অভিযোগ করে বলেন, ফালাকাটার বিদায়ী বিধায়ক তথা বর্তমান বিজেপি প্রার্থীর বিরুদ্ধে দীর্ঘদিনের ক্ষোভের জেরেই তিনি নির্দল প্রার্থী হিসেবে নির্বাচনে লড়াই করার সিদ্ধান্ত নিয়েছেন বলে দাবি করেন। তিনি আরও জানান, এলাকার মানুষের পাশে থেকে তাঁদের দৈনন্দিন সমস্যার সমাধান করাই তাঁর মূল লক্ষ্য। পানীয় জল, রাস্তা, স্বাস্থ্য পরিষেবা-সহ বিভিন্ন ইস্যু নিয়েই তিনি প্রচারে জোর দেবেন বলে জানান। রাজনৈতিক মহলের একাংশের মতে, তৃনমূল ও গেরুয়া শিবিরের পাশাপাশি নির্দল প্রার্থীর এই লড়াই ফালাকাটা বিধানসভা কেন্দ্রের নির্বাচনী সমীকরণে নতুন মাত্রা যোগ করতে পারে। এখন এটাই দেখার, সাধারণ মানুষের সমর্থন কতটা নিজের দিকে টানতে পারেন দিলীপ বর্মন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *