হাওড়া, নিজস্ব সংবাদদাতা (প্রকাশ কালি ঘোষাল):
এসআইআর-এ নাম বাদ যাওয়ার পর হিয়ারিংয়ের চিঠি দেরিতে হাতে পৌঁছনোয় ক্ষোভে ফুঁসে উঠলেন ভোটাররা। ঘটনাটি ঘটেছে হাওড়ার সাঁকরাইল থানার অন্তর্গত মানিকপুর পঞ্চায়েতের দর্জি পাড়া এলাকায়।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, ওই এলাকার ৬টি বুথের বাসিন্দারা জানুয়ারি মাসের হিয়ারিং সংক্রান্ত চিঠি পান এপ্রিলের ৮ তারিখে, যা নিয়ে চরম অসন্তোষ ছড়ায়। অভিযোগ, নির্ধারিত সময়ের আগে চিঠি পেলে হয়তো তাঁদের নাম SIR তালিকা থেকে বাদ যেত না।
এই ঘটনার প্রতিবাদে ভুক্তভোগী ভোটাররা মানিকপুর তদন্ত কেন্দ্রে জড়ো হয়ে বিক্ষোভ দেখান। কেন এত দেরিতে চিঠি দেওয়া হল এবং কীভাবে চূড়ান্ত তালিকা থেকে তাঁদের নাম বাদ গেল—এই প্রশ্নেই সরব হন তাঁরা।
পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে ঘটনাস্থলে পৌঁছায় সাঁকরাইল থানার পুলিশ ও প্রশাসনিক আধিকারিকরা। উপস্থিত হন সাঁকরাইলের বিডিও-ও। দীর্ঘক্ষণ বাকবিতণ্ডার পর প্রশাসনের হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে।
পরবর্তীতে ক্ষুব্ধ ভোটাররা লিখিতভাবে প্রশাসনের কাছে তাঁদের অভিযোগ জানান। এখন সবার মুখে একটাই প্রশ্ন—এই ভুলের দায় নেবে কে?
হিয়ারিংয়ের চিঠি দেরিতে, নাম বাদে ক্ষোভে ফুঁসছেন ভোটাররা।












Leave a Reply