দক্ষিণ দিনাজপুরের, নিজস্ব সংবাদদাতা:- তৃণমূল কংগ্রেসের হেভিওয়েট তারকা প্রচারক তথা ঘাটালের সাংসদ দীপক অধিকারী (দেব) গত রবিবার নির্বাচনী প্রচারে কুমারগঞ্জ বিধানসভা এলাকায় এক ঝোড়ো সফর করলেন। নির্ধারিত সময় মেনে দুপুর আড়াইটা নাগাদ তিনি হেলিকপ্টারে করে কুমারগঞ্জের মোহনায় অবতরণ করেন। সেখানে পৌঁছানো মাত্রই স্থানীয় কর্মী-সমর্থকদের উল্লাস ছিল চোখে পড়ার মতো।
সেখান থেকেই তৃণমূল প্রার্থী তোরাফ হোসেন মন্ডলের সমর্থনে এক বিশাল বর্ণাঢ্য র্যালি শুরু হয়। মোহনা চকরাম বাজার থেকে শুরু হওয়া এই পদযাত্রাটি কুমারগঞ্জ বাস স্ট্যান্ড পর্যন্ত দীর্ঘ পথ অতিক্রম করে। প্রিয় অভিনেতা তথা জননেতাকে একঝলক দেখতে রাস্তার দু’পাশে সাধারণ মানুষের ভিড় উপচে পড়ে, যা কার্যত এক জনসমুদ্রে পরিণত হয়।
এই কর্মসূচি শেষে উচ্ছ্বসিত প্রার্থী তোরাফ হোসেন মন্ডল জানান যে, মানুষের এই স্বতঃস্ফূর্ত অংশগ্রহণই বলে দিচ্ছে বিরোধীরা এবার খড়কুটোর মতো উড়ে যাবে। দেবের উপস্থিতিতে তৈরি হওয়া এই গণজোয়ার দেখে তিনি জয়ের ব্যাপারে ১০০ শতাংশ আশাবাদী। তাঁর মতে, কুমারগঞ্জ বিধানসভা আসনটি এবারও বিপুল ব্যবধানে তৃণমূলের দখলেই থাকবে এবং প্রতিদ্বন্দ্বী প্রার্থীরা সম্পূর্ণভাবে ধুয়ে মুছে সাফ হয়ে যাবেন।
তারকা প্রচারে আত্মবিশ্বাসী তৃণমূল, জয়ের বার্তা দিলেন প্রার্থী।












Leave a Reply