আরজি কর কাণ্ডে ন্যায়বিচারের দাবিতে সোদপুরে ‘রাত জাগো’ কর্মসূচি।

সোদপুর, নিজস্ব সংবাদদাতা:- ২০২৪ সালের ৯ আগস্ট আর জি কর মেডিক্যাল কলেজ ও হাসপাতাল-এ ঘটে যাওয়া এক নৃশংস ধর্ষণ ও খুনের ঘটনায় এখনও ন্যায়বিচার না মেলায় ক্ষোভ ক্রমশ বাড়ছে ছাত্র-যুব ও মহিলা মহলে। প্রায় কুড়ি মাস পেরিয়ে গেলেও অভিযুক্তদের কঠোর শাস্তি এবং ঘটনার সঙ্গে যুক্ত সকলের চিহ্নিতকরণের দাবি পূরণ না হওয়ায় আন্দোলন নতুন করে গতি পেয়েছে।
এই প্রেক্ষাপটে ৯ এপ্রিল ২০২৬ থেকে প্রতি মাসের ৯ তারিখে ধারাবাহিক আন্দোলনের ডাক দিয়েছে স্টুডেন্টস ফেডারেশন অফ ইন্ডিয়া (এসএফআই), ডেমোক্রেটিক ইয়ুথ ফেডারেশন অফ ইন্ডিয়া (ডিওয়াইএফআই) এবং অল ইন্ডিয়া ডেমোক্রেটিক উইমেনস অ্যাসোসিয়েশন (এআইডিডব্লিউএ)-সহ বিভিন্ন গণসংগঠন।
বুধবার রাতে সোদপুর ট্রাফিক মোড়-এ অনুষ্ঠিত হয় এক ‘রাত জাগো’ কর্মসূচি। রাত ৮টা থেকে ১০টা পর্যন্ত গানে, কবিতায় ও বক্তব্যে প্রতিবাদের সুর তুলে ধরেন অংশগ্রহণকারীরা। সভায় সভাপতিত্ব করেন যশোধরা বাগচি। সাংস্কৃতিক পরিবেশনায় অংশ নেয় খড়দহ সৃজন শাখা এবং গণনাট্য সংঘ, পানিহাটি শাখা।
এই সভায় বক্তব্য রাখেন আত্রী গুহ, সোমা চক্রবর্তী দাস, রুনু ব্যানার্জি, কলতান দাশগুপ্ত, দেবজ্যোতি দাস, পূরবী সরকার, দেবজ্যোতি চক্রবর্তী ও সায়ন চক্রবর্তী।
আন্দোলনকারীদের বক্তব্য, এটি শুধুমাত্র একটি ঘটনার বিচার নয়—নারী নিরাপত্তা ও ন্যায়বিচারের বৃহত্তর লড়াইয়ের অংশ হিসেবেই এই প্রতিবাদ আগামী দিনেও জারি থাকবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *