এক বৃদ্ধকে বাঁচাতে গিয়ে বালুরঘাট থেকে হিলিগামী একটি যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়।

দঃ দিনাজপুর, নিজস্ব সংবাদদাতাঃ- দক্ষিণ দিনাজপুরের হিলি ব্লকের ত্রিমোহিনী এলাকায় এক ভয়াবহ দুর্ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে। বুধবার সকালে বালুরঘাট থেকে হিলিগামী একটি যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়। স্থানীয় সূত্রে খবর, রাস্তা পার হওয়া এক বৃদ্ধকে বাঁচাতে গিয়েই দুর্ঘটনাটি ঘটে। বাসটি মোড় নেওয়ার সময় বৃদ্ধকে দেখে চালক হঠাৎই ব্রেক কষেন। তাতেই নিয়ন্ত্রণ হারিয়ে বাসটি রাস্তার ধারে উল্টে পড়ে।

ঘটনায় প্রায় ১০ জন যাত্রী গুরুতর আহত হয়েছেন। স্থানীয় বাসিন্দারা দ্রুত আহতদের উদ্ধার করে বালুরঘাট জেলা হাসপাতালে পাঠান। তাঁদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে। দুর্ঘটনার খবর পেয়ে তড়িঘড়ি ঘটনাস্থলে পৌঁছায় হিলি থানার পুলিশ। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হয় এবং বাসটিকে সরানোর কাজ শুরু হয়।

এই দুর্ঘটনার জেরে এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। স্থানীয় মানুষজনের অভিযোগ, ওই এলাকায় বারবার দুর্ঘটনা ঘটছে, কিন্তু প্রশাসন যথাযথ ব্যবস্থা নিচ্ছে না। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *