উজাল (হিলি), নিজস্ব সংবাদদাতা : বাংলার বাড়ি নির্মাণে বাধা দেওয়া ও প্রতিবাদ করায় এক গৃহবধূ বিএসএফ জওয়ানের হাতে নিগৃহীতা হলেন। রবিবার রাতে দক্ষিণ দিনাজপুর জেলার হিলি থানার অন্তর্গত উজাল গ্রামে এই ঘটনা ঘটতেই চাঞ্চল্য ছড়ায়। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, দীর্ঘদিন ধরেই এলাকায় বিএসএফ জওয়ানদের একচেটিয়া আচরণে অতিষ্ঠ তাঁরা।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, ঘটনার রাতে গৃহবধূ নেহা চৌহান ও তাঁর পরিবার আবাস যোজনার বাংলার বাড়ি প্রকল্পে নিজের ঘর নির্মাণের কাজ করছিলেন। সন্ধ্যার দিকে সীমান্তবর্তী এলাকায় কাজ চলার সময় এক বিএসএফ জওয়ান এসে তা বন্ধ করার নির্দেশ দেন। অভিযোগ, জওয়ানকে অনুরোধ করা হলেও তিনি গালিগালাজ শুরু করেন। এরপর বিবাদে জড়িয়ে পড়ে দুই পক্ষ।
পরিবারের অভিযোগ, ঘটনার কিছুক্ষণ পর একদল বিএসএফ জওয়ান চৌহান পরিবারের উপর অতর্কিতে হামলা চালায়। বাড়িতে ঢুকে পরিবারের সদস্যদের বেধড়ক মারধর করা হয়। গৃহবধূ নেহা চৌহানের হাত-পায়ে লাঠি দিয়ে মারধর করা হয় বলে অভিযোগ। এমনকি তাঁর কিশোরী কন্যাকেও নিগৃহীত করা হয়েছে। পরিবারের তরফে অভিযোগ, জওয়ানরা প্রাণনাশের হুমকিও দেন। রাতেই স্থানীয় পঞ্চায়েত সদস্যকে বিষয়টি জানিয়ে হিলি থানায় লিখিত অভিযোগ দায়ের করেন নির্যাতিতা।
গৃহবধূ নেহা চৌহান বলেন, “কাজ বন্ধ করার কথা বলতেই আমরা সম্মত হই। কিন্তু এরপর জওয়ানরা বাড়িতে ঢুকে আমাদের উপর হামলা চালান। আমার হাতে ও পায়ে চোট লেগেছে। কিশোরী মেয়েটির উপরও হাত তুলেছে ওরা। সুবিচারের দাবি জানাই।”
এ বিষয়ে হিলি থানার আইসি শীর্ষেন্দু দাস বলেন, “অভিযোগ পেয়েছি। তদন্ত শুরু হয়েছে।” তবে ঘটনায় বিএসএফের কোনও সরকারি প্রতিক্রিয়া মেলেনি। হিলি বিওপিতে যোগাযোগ করা হলে কর্তব্যরত এক জওয়ান জানান, বিএসএফ সংবাদমাধ্যমের সঙ্গে কথা বলে না।












Leave a Reply