ভগবানগোলা, মুর্শিদাবাদ: চার মাস আগে মানসিক সমস্যার কারণে বাড়ি থেকে হারিয়ে যাওয়া সুমিত সরকার (১৮) অবশেষে পরিবারের কাছে ফিরে এলেন ভগবানগোলা থানার পুলিশের তৎপরতায়। সুমিত সরকারের খোঁজে পরিবার বিভিন্ন জায়গায় খোঁজ করেও ব্যর্থ হয়েছিল।
তিন দিন আগে ভগবানগোলা থানার এলাকায় এক মানসিকভাবে অসুস্থ যুবককে ঘোরাঘুরি করতে দেখে পুলিশের সন্দেহ হয়। থানার সেকেন্ড অফিসার বাপি দত্ত ও অনুপ্রভা সাহার নেতৃত্বে পুলিশ তাকে জিজ্ঞাসাবাদ করে। তার কথাবার্তার ভিত্তিতে জানা যায়, সে প্রায়শই ট্রেনে-বাসে চড়ে বিভিন্ন জায়গায় ঘোরে। সে শুধু জানায় “কল্যাণী” ও “সুভাষপল্লী” নাম, যা ধরে পুলিশ অনুসন্ধান শুরু করে।
সুনির্দিষ্ট অনুসন্ধানের মাধ্যমে পুলিশের প্রচেষ্টায় অবশেষে তার পরিবারের সন্ধান মেলে। পরিবারের সদস্য মঞ্জু সরকার (ঠাকুরমা) ও চন্দন সরকার (কাকা) ভগবানগোলা থানায় এসে সুমিতকে শনাক্ত করেন। সন্ধ্যা ৫:৩০ নাগাদ সুমিতকে আনুষ্ঠানিকভাবে তার পরিবারের হাতে তুলে দেওয়া হয়।
এই মানবিক পদক্ষেপে এলাকাবাসীর তরফে ভগবানগোলা থানার পুলিশ, বিশেষ করে অফিসার বাপি দত্ত ও অনুপ্রভা সাহার প্রশংসা করা হচ্ছে। পরিবার ও স্থানীয় মানুষজন জানিয়েছেন, এই ঘটনা প্রমাণ করে আবারও যে, পুলিশের মধ্যে মানবিকতা আজও জীবিত।












Leave a Reply