ডুয়ার্সের ধরণীপুর চা বাগানে প্রায় ৩৫০শ্রমিক পরিবার বিজেপি’তে যোগদান করল।

জলপাইগুড়ি, নিজস্ব সংবাদদাতা:- ডুয়ার্সের ধরণীপুর চা বাগানে প্রায় ৩৫০শ্রমিক পরিবার বিজেপি’তে যোগদান করল। ফলে ওই চা বাগান তৃণমূল শুন্য হয়ে পড়ল বলে দাবি বিজেপি নেতৃত্বের।

জলপাইগুড়ির নাগরাকাটা ব্লকের ধরণীপুর চা বাগান। দীর্ঘ দুই দশক ধরে এই বাগানে অচলাবস্থা চলছে । কখনো বন্ধ হয়, কখনো খোলে। বছর কয়েক আগে রাজ্য সরকারের উদ্যোগে এক শিল্পপতি বাগান চালানোর দায়িত্ব নেন। কিন্তু অভিযোগ তিনি বাগান তো চালাতে পারছেনই না, তার বদলে বাগানের সম্পত্তি বিক্রি করে দিচ্ছেন। এদিকে শ্রমিকদের সাতটি পাক্ষিক মজুরি বকেয়া রয়েছে । পাশাপাশি রেশন, পিএফ, গ্রাচুইটিও বকেয়া রয়েছে। সমস্যা সমাধানের জন্য শ্রমিকরা তৃণমূল শ্রমিক সংগঠনের কাছে একাধিকবার দরবার করেছে কিন্তু তাতে লাভ হয়নি। শেষমেশ শ্রমিকদের সিংহভাগই তৃণমূল শ্রমিক সংগঠনের সংস্রব ত্যাগ করার সিদ্ধান্ত নেয়। সেই সুযোগ কাজে লাগায় স্থানীয় বিজেপি নেতৃত্ব। রবিবার বিকেলে বাগানের অফিসের সামনেই বিশাল যোগদান সভার আয়োজন করা হয় বিজেপি প্রভাবিত শ্রমিক সংগঠন ভারতীয় টি ওয়ার্কার্স ইউনিয়ন এর তরফে । সেখানেই বাগানের ৩৫০টি শ্রমিক পরিবার যোগদান করে বলে দাবি বিজেপি নেতৃত্বের। এইদিনের যোগদান সভায় উপস্থিত ছিলেন জলপাইগুড়ি বিজেপি জেলা সভাপতি শ্যামল রায় , আলিপুরদুয়ার এর সাংসদ মনোজ টিজ্ঞা, নাগরাকাটার বিধায়ক পুনা ভেংরা সহ অন্যান্য বিজেপি নেতৃত্ব। বিজেপি নেতৃত্বের দাবি এদিনের যোগদানের ফলে এই বাগান থেকে তৃণমূল ও তার শ্রমিক সংগঠন ধুয়েমুছে সাফ হয়ে গেলো। বাগানের শ্রমিকদের সমস্যা সমাধানেও তারা উদ্যোগী হবেন বলে জানিয়েছেন।

২৬শের নির্বাচনের আগে শ্রমিকদের এই দলবদল একটা বড় ধাক্কা রাজ্যের শাসকদল তৃণমূলের কাছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *