পশ্চিম মেদিনীপুর, নিজস্ব সংবাদদাতা:- পশ্চিম মেদিনীপুরের গড়বেতা স্টেশন সংলগ্ন শিলাই হল্টে রবিবার বিকেলে ঘটে গেল এক চাঞ্চল্যকর ঘটনা। ভুবনেশ্বর থেকে দিল্লিগামী রাজধানী এক্সপ্রেস ট্রেন আচমকা দাঁড়িয়ে পড়ে একটি বিকট বিস্ফোরণের শব্দে। ওই ঘটনার জেরে এলাকায় ব্যাপক উত্তেজনা ছড়ায়।
সূত্র অনুযায়ী, ট্রেনের লোকো পাইলট বিস্ফোরণের শব্দ শোনামাত্রই ট্রেন থামিয়ে দেন এবং তাৎক্ষণিকভাবে পিয়ারডোবা স্টেশনের সঙ্গে যোগাযোগ করেন। রেল পুলিশ ও স্নিফার ডগ সহ নিরাপত্তা বাহিনী দ্রুত ঘটনাস্থলে পৌঁছয়। আপাতত, কিছু সময়ের জন্য ট্রেন চলাচল সাময়িকভাবে বন্ধ রাখা হয়।
আদ্রা ডিভিশনের রেল পুলিশ জানিয়েছে, ট্রেন লাইনচ্যুত হয়নি এবং কোনো বড় ক্ষয়ক্ষতির ঘটনা ঘটেনি। তবে ঘটনাস্থলে সাদা রঙের এক ধরণের পাউডার সদৃশ বস্তু পাওয়া যায়, যা পরীক্ষার জন্য ফরেন্সিক টিমের হাতে তুলে দেওয়া হয়েছে। সোমবার সকালে ফরেন্সিক বিশেষজ্ঞদের একটি দল ঘটনাস্থলে এসে নমুনা সংগ্রহ করে।
প্রসঙ্গত, নকশাল নেতা চারু মজুমদারের ৫৩তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে চলতি সপ্তাহ ছিল সিপিআই (মাওবাদী)-এর ‘শহিদ সপ্তাহ’। সেই সপ্তাহের শেষ দিন রবিবার ওডিশা-ঝাড়খণ্ড সীমান্তে আইইডি বিস্ফোরণে রেলের এক ট্র্যাকম্যান নিহত ও অপর একজন আহত হন। এই ঘটনার সঙ্গে গড়বেতার শিলাই হল্টের বিস্ফোরণের কোনও সংযোগ আছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে।
রেল পুলিশ বিষয়টিকে বিশেষ গুরুত্ব দিয়ে দেখছে এবং একদা মাওবাদী অধ্যুষিত এই এলাকায় পুনরায় কোনও সন্ত্রাসী তৎপরতা মাথাচাড়া দিচ্ছে কি না, সে বিষয়ে তদন্ত চলছে। সোমবার সকালেও রেলের উচ্চপদস্থ কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেন।
রেল পুলিশ ও নিরাপত্তা বাহিনী নিশ্চিত করেছে, তারা কোনোভাবেই নিরাপত্তায় ফাঁক রাখতে চায় না এবং গোটা বিষয়টি অত্যন্ত গুরুত্বের সঙ্গে বিবেচনা করা হচ্ছে।












Leave a Reply