স্ত্রীকে খুন করে দিদিকে প্রণাম, তারপর আত্মসমর্পণ! কোন্নগরে চাঞ্চল্য।

হুগলি, নিজস্ব সংবাদদাতা : রোমহর্ষক ঘটনায় শোরগোল পড়ল কোন্নগর মাস্টারপাড়ায়। স্ত্রীকে খুন করে দিদিকে প্রণাম জানিয়ে পুলিশের কাছে আত্মসমর্পণ করলেন কোন্নগর পুরসভার প্রাক্তন কর্মী অশোক চট্টোপাধ্যায়। বুধবার সকালে এই ঘটনায় চাঞ্চল্য ছড়ায় এলাকায়।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, অশোকবাবু তার স্ত্রী সবিতা চট্টোপাধ্যায়কে (৫৮) খুন করে বাড়িতে মৃতদেহ ফেলে রেখে দরজায় তালা লাগিয়ে বেরিয়ে যান। এরপর দিদি চন্দনা চট্টোপাধ্যায়ের কাছে গিয়ে প্রণাম করেন। পরে ফোনে ছোড়দি ও পরিবারের অন্যদের জানান, তিনি স্ত্রীকে খুন করেছেন।

পরিবার সূত্রে জানা যায়, অশোক ও সবিতাদেবীর মধ্যে দীর্ঘদিন ধরেই অশান্তি চলছিল। অশোক বর্তমানে কোনও কাজ করতেন না, পাশাপাশি ধারদেনার বোঝাও বাড়ছিল। এ নিয়ে প্রায় রোজই স্বামী-স্ত্রীর মধ্যে ঝগড়া হত বলে অভিযোগ। মঙ্গলবার রাতেও নাকি তীব্র অশান্তি হয় দু’জনের মধ্যে।

বুধবার সকালে অশোকবাবু বাড়ি থেকে বেরোনোর সময় দিদির কাছে গিয়ে প্রণাম করেন। পরে ছোটদিদিকে ফোন করে স্ত্রীকে খুনের কথা স্বীকার করেন। পরিবারের তরফে খবর দেওয়া হলে উত্তরপাড়া থানার পুলিশ কাউন্সিলর বিশ্বরূপ চক্রবর্তীর উপস্থিতিতে বাড়ির তালা ভেঙে সবিতাদেবীর দেহ উদ্ধার করে।

পুলিশের প্রাথমিক অনুমান, শ্বাসরোধ করেই খুন করা হয়েছে সবিতাদেবীকে। ঘটনার তদন্ত শুরু করেছে উত্তরপাড়া থানার পুলিশ।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *