বালুরঘাট, নিজস্ব সংবাদদাতা : চাঞ্চল্য ছড়াল দক্ষিণ দিনাজপুরের পতিরাম এলাকায়। বিএসএফ ক্যাম্পের পাশে হরিহরপুরে রাস্তার ধারে এক ব্যক্তির মৃতদেহ উদ্ধার করল পুলিশ। বুধবার সকালে এই দেহ উদ্ধারের ঘটনায় স্তম্ভিত স্থানীয়রা।
মৃত ব্যক্তির নাম শ্যামসুন্দর বসাক (৫৯)। বাড়ি কুমারগঞ্জ থানার আঙ্গিনা গ্রামে। পরিবার সূত্রে জানা গিয়েছে, মঙ্গলবার বিকালে বাড়ি থেকে বের হয়েছিলেন তিনি। তারপর থেকে তার ফোন বন্ধ পাওয়া যায় এবং রাতে বাড়ি ফেরেননি। বুধবার সকালে স্থানীয়রা রাস্তায় মৃত অবস্থায় পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেন।
পতিরাম থানার পুলিশ মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বালুরঘাট জেলা হাসপাতালের মর্গে পাঠিয়েছে। মৃত্যুর কারণ এখনও স্পষ্ট নয়। তদন্ত শুরু করেছে পুলিশ।
অন্যদিকে মৃতের ভাই পরিতোষ বসাক জানান, “গতকাল থেকে দাদাকে খুঁজে না পেয়ে আজ সকালে কুমারগঞ্জ থানায় অভিযোগ জানাতে গিয়েছিলাম। সেখান থেকে পতিরাম থানার সঙ্গে যোগাযোগ করতে বলা হয়। পরে জানতে পারি, একটি দেহ উদ্ধার হয়েছে। মর্গে গিয়ে দাদার মৃতদেহ সনাক্ত করি।”
ঘটনার পর এলাকায় নেমে এসেছে শোকের ছায়া।












Leave a Reply