সম্পর্কজনিত মানসিক চাপে আত্মহত্যা, গ্রেপ্তার প্রেমিক।।

নিজস্ব সংবাদদাতা, পশ্চিম মেদিনীপুর:- সম্পর্ক নিয়ে মানসিক চাপে আত্মহত্যা করলেন এক কলেজ পড়ুয়া তরুণী। মৃতার নাম সাথী ঘোষাল (১৯), বাড়ি পশ্চিম মেদিনীপুর জেলার চন্দ্রকোনা থানার ধর্মপোতা গ্রামে। ঘটনায় জড়িত থাকার অভিযোগে তরুণীর প্রেমিক সৌমাল্য মাহাতোকে পুলিশ গ্রেপ্তার করেছে।

পুলিশ সূত্রে জানা গেছে, সাথী চন্দ্রকোণার গোপসাই কলেজের ডি-ফার্ম বিভাগের ছাত্রী। প্রায় দুই বছর আগে ফেসবুকে পরিচয় হয় সৌমাল্যর সঙ্গে, যিনি গড়বেতার জামগেড়িয়ার বাসিন্দা এবং স্থানীয় এক দোকানে কাজ করেন। ধীরে ধীরে তাঁদের মধ্যে ঘনিষ্ঠতা বাড়ে। পরিবারের দাবি, সম্পর্কের আড়ালে সৌমাল্য বারবার সাথীর কাছ থেকে টাকা নিতেন, যা ফেরত দেননি।

সম্প্রতি তরুণীর পরিবার মেয়ের বিয়ের সম্বন্ধ খোঁজার পর থেকেই অশান্তি শুরু হয়। সাথী সৌমাল্যকে বিয়ের কথা বললে, তিনি বিষয়টি এড়িয়ে যান বলে অভিযোগ। মানসিকভাবে ভেঙে পড়েছিলেন তরুণী।

বুধবার সন্ধ্যায় বাড়ির লোক অনুপস্থিত থাকাকালীন নিজের ঘরে আত্মহত্যা করেন সাথী। পরিবারের সদস্যরা দরজা ভেঙে তাঁকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকেরা মৃত ঘোষণা করেন।

সাথীর বাবা নির্মল ঘোষাল জানান, “মেয়ে কয়েক মাস ধরে মানসিকভাবে খুবই বিপর্যস্ত ছিল। ভাবছিলাম পড়াশোনার চাপের জন্য। কিন্তু পরে বুঝতে পারি অন্য কারণ রয়েছে।”

চন্দ্রকোনা থানার পুলিশ তরুণী ও অভিযুক্তের মোবাইল ফোন বাজেয়াপ্ত করেছে। এক আধিকারিক জানান, “প্রাথমিকভাবে প্রেমের সম্পর্কের জটিলতাকে কেন্দ্র করেই ঘটনা ঘটেছে বলে ধারণা। ময়নাতদন্তের রিপোর্টের পর পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *