বিহার বিধানসভা নির্বাচনে বিজেপির জয়জয়কার, চন্দ্রকোনা রোডে বিজয় মিছিল ও ঢাক-ঢোলের উল্লাস।

পশ্চিম মেদিনীপুর, নিজস্ব সংবাদদাতাঃ— বিহার বিধানসভা নির্বাচনে বিজেপির বিপুল জয়ের জেরে পশ্চিম মেদিনীপুরের গড়বেতা-৩ ব্লকের চন্দ্রকোনা রোড আজ রঙিন হয়ে উঠল বিজয়োৎসবে। পূর্ব ও পশ্চিম মণ্ডল—দুই শাখার পক্ষ থেকেই আয়োজিত হয় পৃথক বিজয় মিছিল ও রাজনৈতিক র‍্যালি। মিছিলে ঢাকের তালে তালে আবির খেলা, পতাকা হাতে কর্মীদের উদ্দীপনা আর লাড্ডু বিলিতে রূপ নেয় উৎসবের পরিবেশ।

চন্দ্রকোনা রোডের রসকুন্ডু এলাকায়ও দেখা যায় একই উচ্ছ্বাস। বিজেপি কর্মীরা ঢাক বাজিয়ে আনন্দোৎসব করেন এবং পথচলতি মানুষদের মধ্যেও বিতরণ করা হয় লাড্ডু।

মিছিলে উপস্থিত ছিলেন পূর্ব মণ্ডলের সভাপতি সুশান্ত কারক, পশ্চিম মণ্ডলের সভাপতি পলাশ সেন, জেলা সাধারণ সম্পাদক গৌতম গৌড়ী, রাজ্য নেতা ধীমান কোলে সহ বিজেপির একাধিক জেলা ও মণ্ডল স্তরের নেতৃত্ব।

বিজয়োৎসবের পর পূর্ব মণ্ডলের সভাপতি সুশান্ত কারক বলেন, “এই ফলাফল আমাদের কর্মীদের মনোবল বাড়িয়েছে। এবার আমাদের লক্ষ্য ২০২৬ সালের বিধানসভা নির্বাচন।”

জেলা সাধারণ সম্পাদক গৌতম গৌড়ী বলেন, “NDA জোট বিহারে জয়লাভ করেছে, আমরা এই ফলাফলের অপেক্ষায় ছিলাম। চন্দ্রকোনা রোডে তাই আনন্দ মিছিল করলাম। এখন আমাদের পরবর্তী টার্গেট পশ্চিমবঙ্গ। বিহারের বিজয় ঘণ্টা পশ্চিমবঙ্গের বিদায় ঘণ্টা বাজিয়ে দিয়েছে।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *