উন্নয়ন, স্বাস্থ্য ও সচেতনতার বার্তা নিয়ে জাজইল গ্রাম পঞ্চায়েতের বার্ষিক গ্রাম সভা মানিকরা হাই স্কুল প্রাঙ্গণে।

মালদা, নিজস্ব সংবাদদাতা:- হবিবপুর ব্লকের অন্তর্গত জাজইল গ্রাম পঞ্চায়েতের উদ্যোগে শুক্রবার মানিকরা হাই স্কুল প্রাঙ্গণে বার্ষিক গ্রাম সভা অনুষ্ঠিত হলো। সকাল ১১টা থেকে শুরু হওয়া এই সভায় ব্যাপক সংখ্যক গ্রামবাসীর উপস্থিতি লক্ষ্য করা যায়।
গ্রাম সভায় ২০২৫–২৬ অর্থবর্ষের আয়-ব্যয়ের হিসাব পেশ করা হয় এবং ২০২৬–২৭ অর্থবর্ষে এলাকার সার্বিক উন্নয়নের লক্ষ্যে একাধিক পরিকল্পনা গ্রহণ করা হয়। পঞ্চায়েতের পক্ষ থেকে বিগত সময়ে সম্পন্ন হওয়া বিভিন্ন উন্নয়নমূলক প্রকল্পের অগ্রগতি ও প্রতিবেদনও সভায় তুলে ধরা হয়।
সামাজিকভাবে ন্যায্য ও সুরক্ষিত গ্রাম গঠনের উদ্দেশ্যে এদিন একাধিক সচেতনতা ও পরিষেবা মূলক কর্মসূচির আয়োজন করা হয়। বিদ্যালয়ের ছাত্রীদের নিয়ে একটি বিশেষ সচেতনতা শিবির অনুষ্ঠিত হয়। পাশাপাশি সাধারণ মানুষের জন্য স্বাস্থ্য পরীক্ষা শিবিরেরও ব্যবস্থা করা হয়।
গ্রাম সভাকে আরও প্রাণবন্ত করে তুলতে আয়োজন করা হয় সাংস্কৃতিক অনুষ্ঠানের। শিশু শিল্পীরা নাচ ও গানের মাধ্যমে উপস্থিত দর্শকদের মনোরঞ্জন করে। অনুষ্ঠানের শুরুতেই অতিথিদের ফুল দিয়ে সংবর্ধনা জানানো হয়।
এদিনের গ্রাম সভায় উপস্থিত ছিলেন হবিবপুর ব্লকের বিডিও মনোজ কাঞ্জিলাল, হবিবপুর থানার আইসি কৌশিক বিশ্বাস, জাজইল গ্রাম পঞ্চায়েতের প্রধান টুম্পা বর্মন রায়, মালদা জেলা পরিষদের কর্মাধ্যক্ষ রেজিনা মুর্মু-সহ গ্রাম পঞ্চায়েতের অন্যান্য সদস্য ও স্থানীয় বিশিষ্ট ব্যক্তিবর্গ।
গ্রাম সভার মাধ্যমে প্রশাসন ও সাধারণ মানুষের মধ্যে সরাসরি মতবিনিময়ের সুযোগ তৈরি হওয়ায় এই উদ্যোগকে স্বাগত জানিয়েছেন এলাকাবাসী।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *