সুকান্ত মজুমদারের উদ্যোগে ফুটবল টুর্নামেন্ট, শ্রীলঙ্কায় কোচিংয়ের সুযোগ পেল তপনের মুক্তাদির।

বালুরঘাট, দক্ষিণ দিনাজপুর, নিজস্ব সংবাদদাতা :- দক্ষিণ দিনাজপুর জেলার তপন ব্লকের প্রত্যন্ত চাঁচড়া গ্রাম থেকে উঠে এসে আন্তর্জাতিক ফুটবল প্রশিক্ষণের সুযোগ পেল অনূর্ধ্ব-১৭ ফুটবলার মুক্তাদির আলম। বালুরঘাট লোকসভা কেন্দ্রের সাংসদ তথা কেন্দ্রীয় প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদারের উদ্যোগে আয়োজিত একটি ফুটবল টুর্নামেন্ট থেকে নির্বাচিত হয়ে শ্রীলঙ্কায় ফুটবল কোচিং করতে যাচ্ছে সে।
কিছুদিন আগে সাংসদ সুকান্ত মজুমদারের উদ্যোগে বালুরঘাট লোকসভা কেন্দ্রে একটি ফুটবল টুর্নামেন্টের আয়োজন করা হয়। ওই টুর্নামেন্টে মুম্বাই থেকে আগত এক প্রখ্যাত কোচ ৪৫০ জন ফুটবলারের মধ্যে থেকে মোট ৯ জন প্রতিভাবান খেলোয়াড়কে বিদেশে প্রশিক্ষণের জন্য নির্বাচন করেন। সেই নির্বাচিত তালিকার প্রথম নামই মুক্তাদির আলম।
মুক্তাদির বর্তমানে ষষ্ঠ শ্রেণির ছাত্র। তার বাবা মতিউর রহমান পেশায় একজন শিক্ষক। প্রত্যন্ত গ্রামীণ এলাকা থেকে উঠে এসে বিদেশে ফুটবল প্রশিক্ষণের সুযোগ পেয়ে স্বভাবতই খুশি মুক্তাদির ও তার পরিবার।
এই প্রসঙ্গে কেন্দ্রীয় প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার বলেন,
“ফুটবলের মাধ্যমে এলাকার প্রতিভাবান ছেলেমেয়েদের সামনে এগিয়ে দেওয়াই আমাদের লক্ষ্য। মুম্বাই থেকে আগত কোচের মাধ্যমে ৯ জনকে নির্বাচন করা হয়েছে, যারা বিদেশে ট্রেনিং নেবে। মুক্তাদির খুবই প্রান্তিক এলাকা থেকে উঠে এসেছে। ওরা বিদেশে ভালো প্রশিক্ষণ নিয়ে ফিরে এসে বাংলা ও দেশের ফুটবলে গুরুত্বপূর্ণ অবদান রাখবে—এই বিশ্বাস আমাদের।”
নিজের অনুভূতি জানিয়ে মুক্তাদির বলে,
“বালুরঘাট টাউন ক্লাব মাঠে অনুষ্ঠিত ফুটবল অনুষ্ঠানে আমাকে বিদেশে কোচিংয়ের জন্য নির্বাচন করা হয়। আগামী ১৩ তারিখ আমি শ্রীলঙ্কায় যাচ্ছি। তার আগে মুম্বাইতে সাত দিনের বিশেষ ট্রেনিং হবে। সেই কারণেই আজ সাংসদ সুকান্ত মজুমদারের সঙ্গে দেখা করতে এসেছিলাম।”
ছেলের সাফল্যে গর্বিত বাবা মতিউর রহমান বলেন,
“৪-৫ বছর বয়স থেকেই আমার ছেলের স্বপ্ন ছিল ফুটবলার হওয়ার। গত বছর সুকান্ত মজুমদারের উদ্যোগে আয়োজিত টুর্নামেন্টে ৪৫০ জনের মধ্যে আমার ছেলে নির্বাচিত হয়েছে—এটা আমাদের পরিবারের কাছে খুবই গর্বের বিষয়।”
প্রান্তিক গ্রাম থেকে আন্তর্জাতিক মঞ্চে পা রাখার এই সাফল্য মুক্তাদির আলমের পাশাপাশি দক্ষিণ দিনাজপুর জেলার ক্রীড়া প্রতিভার এক উজ্জ্বল দৃষ্টান্ত হয়ে থাকল।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *