হনুমানের তাড়ায় ছাদ থেকে পড়ে গুরুতর আহত যুবক।
উত্তর দিনাজপুর, নিজস্ব সংবাদদাতা:- উত্তর দিনাজপুর জেলার করনদীঘি হাসপাতাল পাড়ায় হনুমানের তাড়ায় ছাদ থেকে পড়ে গুরুতর আহত হলেন এক যুবক। ঘটনাটি ঘটেছে মঙ্গলবার।
আহত যুবকের নাম অভিরুপ চক্রবর্তী। স্থানীয় সূত্রে জানা গেছে, গত কয়েকদিন ধরেই করনদীঘি ও সংলগ্ন এলাকায় একটি হনুমান ঘোরাফেরা করছে। মঙ্গলবার বিকেলে করনদীঘি হাসপাতাল মোড় এলাকায় হনুমানটিকে দেখা যায়।
স্থানীয় বাসিন্দা অপরাজিতা চক্রবর্তীর দাবি, ওইদিন হনুমানটি দীপঙ্কর চক্রবর্তীর বাড়ির ছাদে উঠে আসে। সেই সময় ছাদেই বসে ছিলেন অভিরুপ চক্রবর্তী। আচমকাই হনুমানটি তাকে তাড়া করলে ভারসাম্য হারিয়ে ছাদ থেকে নিচে পড়ে যান তিনি।
ঘটনাস্থলে ছুটে আসেন প্রতিবেশীরা। গুরুতর আহত অবস্থায় অভিরুপকে উদ্ধার করে প্রথমে করনদীঘি গ্রামীণ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তার শারীরিক অবস্থার অবনতি হওয়ায় দ্রুত রায়গঞ্জ মেডিকেল কলেজ ও হাসপাতালে রেফার করেন।
এদিকে, এই ঘটনাকে ঘিরে এলাকায় আতঙ্কের পরিবেশ তৈরি হয়েছে। স্থানীয় বাসিন্দাদের দাবি, অবিলম্বে বনদপ্তর যেন হনুমানটিকে উদ্ধার করে নিরাপদ স্থানে নিয়ে যায় এবং বনে ছেড়ে দেওয়ার ব্যবস্থা করে।
ছাদে বসে থাকা যুবককে তাড়া, হনুমানের আতঙ্কে এলাকাবাসী।












Leave a Reply