‘বর্বরতা বন্ধ হোক’— আসামে আদিবাসী নির্যাতনের বিরুদ্ধে বালুরঘাটে প্রতিবাদ মিছিল।

বালুরঘাট, নিজস্ব সংবাদদাতা :- আসামে আদিবাসীদের উপর নির্যাতন ও ঘরবাড়ি জ্বালিয়ে দেওয়ার ঘটনার বিরুদ্ধে প্রতিবাদে সোচ্চার হল দক্ষিণ দিনাজপুর জেলার আদিবাসী সমাজ। শুক্রবার দুপুরে বালুরঘাটে জেলাশাসকের দপ্তরে স্মারকলিপি জমা দিয়ে তারা এই অমানবিক ঘটনার তীব্র প্রতিবাদ জানান এবং অবিলম্বে এলাকায় শান্তি ফেরানোর দাবি তোলেন।
আন্দোলনকারীদের বক্তব্য, আসামে আদিবাসীদের উপর হামলার প্রকৃত কারণ এখনও স্পষ্ট না হলেও, নিরীহ মানুষের উপর এ ধরনের বর্বরোচিত আক্রমণ কোনওভাবেই মেনে নেওয়া যায় না। তারা জেলাশাসকের মাধ্যমে আসাম সরকার ও কেন্দ্রীয় সরকারের কাছে দ্রুত হস্তক্ষেপ করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার আহ্বান জানিয়েছেন।
এদিনের কর্মসূচিকে কেন্দ্র করে কোনও অপ্রীতিকর পরিস্থিতি যাতে না ঘটে, সেই কারণে জেলা শাসক ভবন চত্বরে ব্যাপক পুলিশি নিরাপত্তার ব্যবস্থা করা হয়। স্মারকলিপি জমার আগে বালুরঘাট হাইস্কুল মাঠ থেকে একটি প্রতিবাদ মিছিল বের হয়, যা শহরের বিভিন্ন রাস্তা পরিক্রমা করে ডিএম অফিসে গিয়ে শেষ হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *