রামধুন ও ধর্মগ্রন্থ পাঠে গান্ধীজিকে শ্রদ্ধা: বালুরঘাটে মহাপ্রয়াণ দিবস পালন।

দক্ষিণ দিনাজপুর, নিজস্ব সংবাদদাতা:- প্রতিবছরের মতো এবছরও ৩০শে জানুয়ারী শুক্রবার সকালে বালুরঘাটের রবীন্দ্রভবনে মহাত্মা গান্ধীর মহাপ্রয়াণ দিবস উপলক্ষ্যে এক প্রার্থনাসভার আয়োজন করা হয়। দক্ষিণ দিনাজপুর জেলা তথ্য ও সংস্কৃতি দপ্তরের উদ্যোগে আয়োজিত এই অনুষ্ঠানটি গান্ধীজির প্রতি শ্রদ্ধা নিবেদনের এক অনন্য উপলক্ষ্য।

এই প্রার্থনাসভায় জেলা তথ্য ও সংস্কৃতি আধিকারিক আজিজুর রহমান এবং দপ্তরের কর্মকর্তাদের পাশাপাশি সাধারণ মানুষ উপস্থিত ছিলেন। প্রার্থনাসভার শুরুতে মহাত্মা গান্ধীর প্রতিকৃতিতে মাল্যদানের পাশাপাশি পুষ্পার্ঘ্য অর্পণ করে শ্রদ্ধা জানানো হয়। রামধুন সঙ্গীত পরিবেশন করেন দীপ্তি বসাক, তবলায় সহযোগিতা করেন মানব বিশ্বাস। প্রার্থনাসভায় গীতা পাঠ করেন সঞ্চিতা গোস্বামী, কোরান পাঠ করেন আব্দুস সামাদ সরকার এবং বাইবেল পাঠ করেন রেভারেন্ড অমৃত মণ্ডল। প্রার্থনাসভার শেষে ভজন পরিবেশন করেন দীপ্তি বসাক, তবলায় সহযোগিতা করেন মানব বিশ্বাস। প্রার্থনা সভাটি সঞ্চালনা করেন রুমা মিশ্র। মহাত্মা গান্ধীর আদর্শ, অহিংসা ও সত্যের প্রতি তার অবিচল বিশ্বাস এবং জাতির প্রতি তার অবদানকে স্মরণ করে এই দিনটি পালন করা হয়।

জেলা তথ্য ও সংস্কৃতি আধিকারিক আজিজুর রহমান জানান, প্রার্থনাসভায় গান্ধীজির জীবনের গুরুত্বপূর্ণ দিকগুলো তুলে ধরা হয়। এছাড়াও, বিভিন্ন সাংস্কৃতিক পরিবেশনা এবং বক্তৃতার মাধ্যমে তার জীবনদর্শন এবং দেশের স্বাধীনতা সংগ্রামে তার অসামান্য ভূমিকার প্রতি শ্রদ্ধা জানানো হয়।

এই অনুষ্ঠানটি শুধু গান্ধীজির প্রতি শ্রদ্ধা নিবেদন নয়, বরং তার আদর্শকে নতুন প্রজন্মের কাছে তুলে ধরার একটি প্রচেষ্টা। প্রার্থনাসভায় অংশগ্রহণের মাধ্যমে সবাই তার শান্তি এবং সম্প্রীতির বার্তাকে আরও গভীরভাবে উপলব্ধি করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *