নোটিশ, জমি বিক্রির যন্ত্রণা ও সংসারের চাপ—SIR আতঙ্কেই প্রাণ গেল সাকির শেখের?

মুর্শিদাবাদ, নিজস্ব সংবাদদাতা:- ফের SIR হিয়ারিং ও প্রশাসনিক আতঙ্কের মধ্যেই মৃত্যুর অভিযোগ উঠে এল মুর্শিদাবাদের ফারাক্কা বিধানসভা এলাকা থেকে। ঘটনা কাঞ্চনতলা অঞ্চলের শুলিতলা গ্রামের। মৃত ব্যক্তির নাম সাকির শেখ (বয়স আনুমানিক ৫৫ বছর)। তিনি ছিলেন অত্যন্ত দরিদ্র পরিবারের একমাত্র উপার্জনকারী।
পরিবার সূত্রে জানা যায়, সাকির শেখের পরিবারে রয়েছেন চার মেয়ে ও এক পুত্র। বড় মেয়েটি শারীরিকভাবে প্রতিবন্ধী। সংসারের সমস্ত দায়িত্ব তাঁর কাঁধেই ছিল। হঠাৎ শনিবার সকালে তাঁর আকস্মিক মৃত্যুতে পরিবারটি কার্যত দিশেহারা হয়ে পড়েছে।
স্থানীয়দের অভিযোগ, চারদিকে চলতে থাকা SIR হিয়ারিং ও নোটিশ সংক্রান্ত আতঙ্কে মানসিক চাপে ভুগছিলেন সাকির শেখ। শুলিতলা গ্রামের স্থানীয় BLO-2 জাহিরুল ইসলাম জানান, এনুমারেশন ফর্ম জমা দেওয়ার পর থেকেই সাকির শেখ মাঝেমধ্যেই হিয়ারিং নোটিশ নিয়ে উদ্বিগ্ন হয়ে পড়তেন। নোটিশ দেখলেই নানা প্রশ্ন করতেন। তাঁর চোখেমুখে সবসময় এক ধরনের আতঙ্কের ছাপ লক্ষ্য করা যেত।
জাহিরুল ইসলামের কথায়,
“আজ সকালে হঠাৎ তাঁর মৃত্যুর খবর পেয়ে আমি সম্পূর্ণ হতভঙ্গ হয়ে যাই। এতটা মানসিক চাপে ছিলেন উনি।”
অভিযোগ উঠেছে, কিছুদিন আগেই সংসারের চাপে পড়ে নিজের ভিটেমাটি বিক্রি করতে বাধ্য হন সাকির শেখ। স্থানীয় এক প্রোমোটার বাজারদরের তুলনায় অনেক কম দামে জমিটি কিনে নেয় এবং এখনও প্রায় ৪০ হাজার টাকা বকেয়া রয়েছে বলে পরিবারের দাবি।
পরিবারের দাবি,
ভোটার হিয়ারিং-এর আতঙ্ক, জমির টাকা না পাওয়ার দুশ্চিন্তা, পাঁচ সন্তানের ভবিষ্যৎ—বিশেষ করে প্রতিবন্ধী মেয়ের দেখভালের চিন্তা—সব মিলিয়ে প্রবল মানসিক চাপে ভেঙে পড়েছিলেন সাকির শেখ। এই মানসিক আতঙ্কই তাঁর মৃত্যুর কারণ বলে অভিযোগ উঠছে।
বর্তমানে পরিবারটি চরম অনিশ্চয়তার মধ্যে রয়েছে। সন্তানদের পড়াশোনা থেকে শুরু করে প্রতিবন্ধী মেয়ের চিকিৎসা ও ভবিষ্যৎ—সবকিছু নিয়েই দুশ্চিন্তায় পরিবার। প্রশাসন ও সমাজের কাছে সহানুভূতি ও সহযোগিতার কাতর আবেদন জানিয়েছেন পরিবারের সদস্যরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *