উত্তর দিনাজপুর, নিজস্ব সংবাদদাতা:- শিক্ষাই জাতির মেরুদণ্ড এই আপ্তবাক্যটি এখন উত্তর দিনাজপুরের চোপড়া ব্লকে কার্যত প্রহসনে পরিণত হয়েছে। উন্নয়নের ঢাক পেটানো সরকারের আমলে, শিক্ষকের অভাবে একের পর এক সরকারি স্কুল বিলীন হয়ে যাচ্ছে। গত কয়েক বছরে শুধু চোপড়া ব্লকে তিনটি সরকারি স্কুলে তালা ঝুলেছে। যেখানে একসময় ছাত্র-ছাত্রীদের কলকাকলিতে মুখরিত থাকত প্রাঙ্গণ, আজ সেখানে শ্মশানের নিস্তব্ধতা। চলতি শিক্ষাবর্ষেই শিক্ষকের অভাবে বন্ধ হয়ে গেল কালিগছ আদিবাসী জুনিয়ার হাইস্কুল। স্থানীয় সূত্রে খবর, শুধু এটিই নয়, এর আগেও দুটি স্কুল একই কারণে বন্ধ হয়েছে। মাঝিয়ালি গ্রাম পঞ্চায়েতের কাঁচাকালী জুনিয়ার গার্লস হাই স্কুলটি ২০২৪ সালে বন্ধ হয়। শেষরক্ষা করার মতো একমাত্র শিক্ষিকাও বদলি হয়ে যাওয়ার পর, গত দু’বছর ধরে স্কুলটিতে তালা ঝুলছে। অন্যদিকে হাপতিয়াগছ গ্রাম পঞ্চায়েতের ভৈষপিটা জুনিয়ার গার্লস হাইস্কুলটি শিক্ষিকার অভাবেই ২০১৫-১৬ শিক্ষাবর্ষ থেকে পঠনপাঠন সম্পূর্ণ বন্ধ। স্থানীয় বাসিন্দা এবং অভিভাবকদের অভিযোগ, দিনের পর দিন স্কুল বন্ধ থাকায় পরিত্যক্ত ভবনগুলি এখন ভূতুরে বাড়িতে পরিণত হয়েছে।
উন্নয়নের দাবির আড়ালে শিক্ষার বিপর্যয়—চোপড়ায় বন্ধ তিনটি সরকারি স্কুল।












Leave a Reply