ধর্মীয় সাধনা ও সর্বধর্ম সমন্বয়ের বার্তা নিয়ে উত্তরবঙ্গের যুবকের বিশ্বপদযাত্রা।

মালদা, নিজস্ব সংবাদদাতা:–অসাধ্য সাধন করার সংকল্প নিয়েছেন উত্তরবঙ্গের কোচবিহার জেলার মাথাভাঙা থানা এলাকার ২৬ বছর বয়সী যুবক মসজিদুল হক। তিনি পায়ে হেঁটে বিশ্বের ২৬টি দেশ পাড়ি দিয়ে মক্কায় হজ করার মহান ব্রত নিয়ে দিনের পর দিন হেঁটে চলেছেন। হাঁটতে হাঁটতে বৃহস্পতিবার রাতে পৌঁছান পুরাতন মালদায়। রাত্রিযাপন করেন পুরাতন মালদা পৌরসভার ১২নং ওয়ার্ডের এক মসজিদে। এরপর শুক্রবার সাত সকালে ফের নিজের অভিষ্ট সাধনে বেড়িয়ে পড়েন। কাঁধে ব্যাগপত্র ও ভারতের জাতীয় পতাকা নিয়ে হাঁটা শুরু করেন। হাঁটা শুরুর প্রাক্কালে তাকে শুভেচ্ছা, অভিনন্দন জানিয়ে তাকে উৎসাহিত করেন পুরাতন মালদা পৌরসভার চেয়ারম্যান বিভূতি ভূষণ ঘোষ সহ ১২নং ওয়ার্ডের হিন্দু-মুসলিম উভয় সম্প্রদায়ের মানুষ। অসাধ্য সাধনের সংকল্পধারণকারী মসজিদুল হক জানান, তিনি পেশায় একজন রেস্টুরেন্ট ব্যবসায়ী। তার বহুদিনের স্বপ্ন ছিল পায়ে হেঁটেই মক্কায় গিয়ে হজ করবেন। তাই সেই স্বপ্নপূরণ বাড়ি থেকে বেড়িয়ে পড়েছেন। কোচবিহারের মাথাভাঙা থেকে হাঁটা শুরু করেছেন। হাঁটতে হাঁটতে আজ মালদায় এসেছেন। এইভাবেই হেঁটে হেঁটে বিশ্বের ২৬টি দেশ পাড়ি দিয়ে প্রায় তিন বছরের মাথায় মক্কায় পৌঁছে যাবেন। পবিত্র মক্কায় হজ করবেন। উদ্দেশ্য একটাই ইসলাম ধর্মের প্রচার করা। সেই সঙ্গে সর্বধর্ম সমন্বয়ের বার্তা তুলে ধরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *