বালুরঘাট, দক্ষিণ দিনাজপুর, নিজস্ব সংবাদদাতা:
রান্নার গ্যাস সরবরাহ অনিয়মিত হয়ে পড়ায় বালুরঘাটের বিভিন্ন স্কুলে মিড ডে মিল পরিষেবা বন্ধ হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে। এমনই চিত্র সামনে এসেছে বালুরঘাট ব্লকের বাদামাইল লক্ষী প্রতাপ হাইস্কুলে।
জানা গিয়েছে, গ্যাস সরবরাহে বিঘ্ন ঘটায় স্কুলে রান্না করা খাবার পরিবেশন নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে। যদিও মিড ডে মিল চালু রাখতে প্রধান শিক্ষক সংশ্লিষ্ট বিভিন্ন দপ্তরের সঙ্গে যোগাযোগ রেখে সমস্যার সমাধানের চেষ্টা চালাচ্ছেন।
তবে পরিস্থিতি না বদলালে ছাত্রছাত্রীদের রান্না করা খাবারের পরিবর্তে ড্রাই ফুড দেওয়ার সম্ভাবনা রয়েছে। এর ফলে সমস্যায় পড়বে সেই সমস্ত পড়ুয়ারা, যারা সম্পূর্ণভাবে মিড ডে মিলের ওপর নির্ভরশীল। বিশেষ করে গ্রামীণ এলাকার বহু ছাত্রছাত্রী এই পরিষেবার ওপর নির্ভর করে প্রতিদিনের খাবারের জন্য।
অন্যদিকে, স্কুলের হোস্টেলে থাকা আবাসিক ছাত্রছাত্রীরাও মিড ডে মিলের ওপর নির্ভরশীল হওয়ায় তাদের মধ্যেও উদ্বেগ বাড়ছে। গ্যাসের অভাব দীর্ঘস্থায়ী হলে হোস্টেলের রান্নাও বন্ধ হয়ে যেতে পারে বলে আশঙ্কা।
স্কুল কর্তৃপক্ষ জানিয়েছে, এতদিন গ্যাসের মাধ্যমে আধুনিক পদ্ধতিতে রান্না চলছিল। এখন হঠাৎ করে পুনরায় খড়ি বা বিকল্প জ্বালানিতে রান্না শুরু করাও কঠিন হয়ে পড়বে।
প্রধান শিক্ষক জানান, গ্যাস সরবরাহ স্বাভাবিক রাখতে সবরকম চেষ্টা করা হচ্ছে। তবে সমস্যা অব্যাহত থাকলে আপাতত ড্রাই ফুড দেওয়ার ব্যবস্থা করা হবে।
এই পরিস্থিতিতে ছাত্রছাত্রী ও অভিভাবকদের মধ্যে উদ্বেগ বাড়ছে, দ্রুত সমস্যার সমাধান চেয়ে প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করেছেন সকলে।
গ্যাসের অভাবে বন্ধের মুখে মিড ডে মিল, দুশ্চিন্তায় বালুরঘাটের স্কুল।












Leave a Reply