বালুরঘাট, দক্ষিণ দিনাজপুর, নিজস্ব সংবাদদাতা:
দীর্ঘ ছয় মাস ধরে বেতন না পাওয়ার অভিযোগে বিক্ষোভে সামিল হলেন জল জীবন মিশন প্রকল্পে কর্মরত অস্থায়ী কর্মীরা। বৃহস্পতিবার দুপুরে বালুরঘাটে জেলা পরিষদের গেটের সামনে জড়ো হয়ে বকেয়া বেতন মেটানোর দাবিতে প্রতিবাদ জানান তাঁরা।
জানা গিয়েছে, বেতন প্রদানের দাবিতে এর আগেও জেলা প্রশাসন ও জেলা পরিষদ সহ বিভিন্ন দপ্তরে লিখিতভাবে আবেদন জানানো হলেও কোনও সুরাহা হয়নি। এর জেরে ক্ষুব্ধ কর্মীরা এদিন বিক্ষোভে সামিল হন।
শুধু বিক্ষোভই নয়, যে সংস্থার অধীনে তাঁরা কাজ করেন, সেই দফতরের ঘরেও তালা ঝুলিয়ে প্রতিবাদ জানান আন্দোলনকারীরা।
পরিস্থিতির খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় বালুরঘাট থানার পুলিশ। পুলিশের হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে এবং বড় ধরনের অপ্রীতিকর ঘটনা এড়ানো সম্ভব হয়।
আন্দোলনকারীদের হুঁশিয়ারি, দ্রুত বকেয়া বেতন মিটিয়ে না দিলে আগামী দিনে আরও বৃহত্তর আন্দোলনের পথে হাঁটবেন তাঁরা।
৬ মাস বেতন নেই, বালুরঘাটে জল জীবন মিশনের কর্মীদের বিক্ষোভ।












Leave a Reply