জনসংযোগে জোর, শিব মন্দির থেকেই প্রচার শুরু করলেন তরুণ বর্মন।

আলিপুরদুয়ার, নিজস্ব সংবাদদাতা:- রবিবার ফালাকাটা বিধানসভা কেন্দ্রের নির্বাচনী লড়াইয়ে আনুষ্ঠানিক ভাবে প্রচারের সূচনা করলেন কামতাপুর স্টেট ডিমান্ড কাউন্সিল এর মনোনীত প্রার্থী তরুণ বর্মন। এদিন সকালে জটেশ্বরের ঐতিহ্যবাহী শিব মন্দিরে পুজো ও প্রার্থনার মধ্য দিয়ে নিজের নির্বাচনী প্রচারের শুভারম্ভ করেন তিনি। পুজো অর্চনার পর মন্দির প্রাঙ্গণেই এলাকার মানুষের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন তরুণ বর্মন। সাধারণ মানুষের আশীর্বাদ ও সমর্থন কামনা করে তিনি জানান, উন্নয়ন, জনস্বার্থ ও এলাকার সামগ্রিক অগ্রগতিকে সামনে রেখেই তিনি লড়াইয়ে নেমেছেন। এদিনের ওই কর্মসূচিতে উপস্থিত ছিলেন সংগঠনের আলিপুরদুয়ার জেলা সহ-সভাপতি সুভাষ রায়, ফালাকাটা ব্লক কমিটির সাধারণ সম্পাদক সত্যজিৎ অধিকারী এবং প্রচার সম্পাদক কমলেশ বর্মন। এছাড়াও কেএসডিসি-র একাধিক নেতা ও কর্মী উপস্থিত থেকে প্রার্থীর পাশে থাকার বার্তা দেন। নির্বাচন যত এগিয়ে আসছে, ততই ফালাকাটা কেন্দ্রের রাজনৈতিক উত্তাপ বাড়ছে। এই প্রেক্ষাপটে মন্দিরে প্রার্থনার মধ্য দিয়ে প্রচারের সূচনা করে জনসংযোগে জোর দেওয়ার বার্তা দিয়েছেন কেএসডিসি প্রার্থী তরুণ বর্মন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *