আলিপুরদুয়ার, নিজস্ব সংবাদদাতা :- ফালাকাটা বিধানসভা কেন্দ্রের জটেশ্বর এলাকায় তৃণমূল কংগ্রেসের দলীয় পতাকা ছেড়া কে কেন্দ্র করে রবিবার সকাল থেকেই রাজনৈতিক চাপানউতোর শুরু হয়েছে। জানা গিয়েছে, জটেশ্বর বাজার লাগোয়া সুভাষ পল্লি এলাকায় নির্বাচনী প্রচারের অংশ হিসেবে লাগানো তৃণমূলের একাধিক পতাকা রাতের অন্ধকারে কেউ বা কারা ছিঁড়ে ফেলে দেয়। পরে সেই পতাকাগুলি নর্দমা ও আশপাশের বিভিন্ন জায়গায় ছড়িয়ে থাকতে দেখা যায়। বিষয়টি নজরে আসতেই সাময়িক উত্তেজনা তৈরি হয় জটেশ্বর ২ গ্রাম পঞ্চায়েতের ১৩/১৪১ নম্বর পার্টের সুভাষ পল্লি এলাকায়। ঘটনায় বিরোধী রাজনৈতিক শিবির বিজেপির দিকে আঙুল তুলেছে তৃণমূল। যদিও তৃণমূলের ওই অভিযোগকে খারিজ করেছে বিজেপি। সংশ্লিষ্ট পার্টের তৃণমূলের অঞ্চল সভাপতি তাপস সরকার বলেন, নির্বাচনে পরাজয় নিশ্চিত অনুমান করতে পেরেই বিজেপির তরফ থেকে আমাদের দলীয় পতাকা ছিঁড়ে ফেলা হয়েছে। তবে ওই ধরনের ঘৃণ্য কাজ করে আমাদের দমিয়ে রাখা যাবে না। আমরা ঘটনার তীব্র প্রতিবাদ জানাচ্ছি।’ ওই অভিযোগ প্রসঙ্গে বিজেপির ফালাকাটা ৪ নম্বর মন্ডলের সাধারণ সম্পাদক সুব্রত সাহা বলেন ‘বিজেপি ওই ধরনের রাজনৈতিক অপসংস্কৃতিতে বিশ্বাস করে না৷ আমরাও ঘটনার নিন্দা করছি। তবে আমাদের ধারণা ঘটনাটি তৃণমূলের গোষ্ঠী কোন্দলের বহিঃপ্রকাশ।’
রাতের অন্ধকারে পতাকা ছেঁড়া, সকালে চাঞ্চল্য ।












Leave a Reply