বালুরঘাট-দক্ষিণ দিনাজপুর, নিজস্ব সংবাদদাতা :- তপন বিধানসভা এলাকায় ফের রাজনৈতিক উত্তেজনা ছড়াল দলীয় পতাকা পোড়ানোর ঘটনাকে কেন্দ্র করে। দক্ষিণ দিনাজপুর জেলার বালুরঘাট ব্লকের মঙ্গলপুর আদিবাসী পাড়ায়, ৬ নম্বর ডাংগা গ্রাম পঞ্চায়েতের ১৭৪ নম্বর বুথে সোমবার গভীর রাতে বিজেপির দলীয় পতাকায় আগুন লাগানোর অভিযোগ উঠেছে দুষ্কৃতীদের বিরুদ্ধে। পাশাপাশি কয়েকটি পতাকা মাটিতে ফেলে দেওয়ার ঘটনাও সামনে এসেছে। বিজেপির অভিযোগ, তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা ঘটনায় যুক্ত। অপরদিকে, তৃণমূল এই অভিযোগ অস্বীকার করেছে।
মঙ্গলবার সকালে স্থানীয় বিজেপি কর্মীরা ঘটনাটি লক্ষ্য করলে এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। বিজেপি কর্মী অপূর্ব সূত্রধর ও বিমান কর্মকারের দাবি, তারা পূর্বে তৃণমূল কংগ্রেসের সমর্থক থাকলেও বর্তমানে বিজেপির সঙ্গে যুক্ত হওয়ার পর থেকেই তাদের লক্ষ্য করে একাধিকবার এ ধরনের হামলা চালানো হচ্ছে। তাদের অভিযোগ, রাজনৈতিক ক্ষোভ থেকেই পরিকল্পিতভাবে দলীয় পতাকা ও পোস্টার নষ্ট করা হচ্ছে।
স্থানীয় বিজেপি কর্মী-সমর্থকদের দাবি, গত কয়েকদিন ধরেই এলাকায় এমন নিন্দনীয় ঘটনা ঘটছে, যা সাধারণ মানুষের মধ্যে উদ্বেগ বাড়াচ্ছে। এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় রাজনৈতিক চাপানউতোরও শুরু হয়েছে।উল্লেখ্য, আসন্ন বিধানসভা নির্বাচনকে সামনে রেখে তপন কেন্দ্রের রাজনৈতিক লড়াই ক্রমশ তীব্র হচ্ছে। এই কেন্দ্রে বিজেপির প্রার্থী হিসেবে রয়েছেন বুধরাই টুডু। অন্যদিকে, তৃণমূল কংগ্রেসের প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করছেন দক্ষিণ দিনাজপুর জেলা পরিষদের সভাধিপতি চিন্তামনি বিহা। নির্বাচন যত এগিয়ে আসছে, ততই এলাকায় রাজনৈতিক উত্তেজনা বাড়ছে বলে মনে করছেন স্থানীয়রা।
দলবদলের পর হামলার অভিযোগ বিজেপি কর্মীদের।।












Leave a Reply