মুর্শিদাবাদ, নিজস্ব সংবাদদাতা:- মুর্শিদাবাদের সামশেরগঞ্জের নতুন ডাকবাংলা এলাকার একটি পেট্রল পাম্পে পেট্রোলে জল মেশানোর অভিযোগকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। অভিযোগ, ওই পাম্প থেকে তেল নেওয়ার পর একাধিক মোটরসাইকেল ও চারচাকা গাড়িতে যান্ত্রিক সমস্যা দেখা দেয়। এরপরই ক্ষুব্ধ গ্রাহকরা পাম্পে বিক্ষোভ দেখান এবং বিষয়টি নিয়ে স্থানীয় এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে।
খবর পেয়ে সামশেরগঞ্জ থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। অভিযোগের সত্যতা যাচাই করতে পাম্প থেকে তেলের নমুনা সংগ্রহ করা হয়েছে। প্রাথমিক তদন্তের পাশাপাশি নমুনা পরীক্ষার জন্য সংশ্লিষ্ট দপ্তরে পাঠানো হয়েছে বলে জানা গেছে।
অন্যদিকে, সমস্ত অভিযোগ অস্বীকার করেছে পাম্প কর্তৃপক্ষ। তাদের দাবি, পাম্পে সরবরাহ করা তেলের মান সম্পূর্ণ ঠিক রয়েছে এবং তাতে জল মেশানোর প্রশ্নই ওঠে না। পরীক্ষার রিপোর্ট প্রকাশ পেলেই প্রকৃত সত্য সামনে আসবে বলে দাবি তাদের।
ঘটনাকে কেন্দ্র করে এলাকাজুড়ে জোর চর্চা শুরু হয়েছে। এখন সকলের নজর তদন্ত ও পরীক্ষার রিপোর্টের দিকে। রিপোর্ট হাতে পাওয়ার পরই অভিযোগের সত্যতা এবং প্রশাসনের পরবর্তী পদক্ষেপ স্পষ্ট হবে।












Leave a Reply