বছরের পর বছর জলযন্ত্রণা, ডোমজুড়ের বেলুড় সাপুঁইপাড়ায় ক্ষোভে ফুঁসছেন স্থানীয়রা।

হাওড়া, নিজস্ব সংবাদদাতা: দীর্ঘদিনের জলনিকাশি সমস্যায় চরম ভোগান্তির শিকার ডোমজুড় বিধানসভার বেলুড় সাপুঁইপাড়া এলাকার বাসিন্দারা। বসুকাটি গ্রাম পঞ্চায়েতের ২৫৫ ও ২৬৭ নম্বর বুথের অন্তর্গত লোকনাথ মন্দির সংলগ্ন রাস্তা এবং জামতলা চার্জ গলি সামান্য বৃষ্টিতেই জলমগ্ন হয়ে পড়ছে। বর্ষা এখনও পুরোপুরি শুরু না হলেও কয়েক দফা বৃষ্টিতেই এলাকার দুরবস্থা প্রকট হয়ে উঠেছে।
স্থানীয়দের অভিযোগ, পর্যাপ্ত নিকাশি ব্যবস্থার অভাবে বছরের পর বছর ধরে এই সমস্যা চললেও কোনও স্থায়ী সমাধান হয়নি। বারবার জনপ্রতিনিধি ও প্রশাসনের কাছে অভিযোগ জানানো হলেও কার্যকর পদক্ষেপের বদলে শুধুই আশ্বাস মিলেছে বলে দাবি তাঁদের।
বাসিন্দাদের বক্তব্য, এই রাস্তা দিয়ে প্রতিদিন বহু মানুষের যাতায়াত হয়। অথচ রাস্তার বেহাল অবস্থা ও জল জমার সমস্যার কারণে সাধারণ মানুষের চলাচল অত্যন্ত কষ্টকর হয়ে উঠেছে। জল জমে থাকার ফলে শিশু, বয়স্ক ও রোগীদের সবচেয়ে বেশি সমস্যার মুখে পড়তে হচ্ছে।
এছাড়াও রাস্তার ধারে বড় বড় আগাছা ও ঝোপঝাড় পরিষ্কার না করায় সাপ এবং বিভিন্ন বিষাক্ত পোকামাকড়ের উপদ্রব বেড়েছে বলে অভিযোগ। এতে এলাকাবাসীর নিরাপত্তা নিয়েও উদ্বেগ তৈরি হয়েছে।
স্থানীয়দের একাংশ জানান, দীর্ঘদিন নানা কারণে তাঁরা প্রকাশ্যে মুখ খুলতে পারেননি। তবে বর্তমানে তাঁরা নির্ভয়ে নিজেদের সমস্যার কথা সামনে আনছেন এবং দ্রুত সমাধানের দাবি জানাচ্ছেন।
এলাকাবাসীদের দাবি, বিধানসভা নির্বাচনের সময় বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা এলাকায় এসেছিলেন। কিন্তু নির্বাচনের পর সমস্যার স্থায়ী সমাধানে তেমন কোনও উদ্যোগ দেখা যায়নি। ফলে ক্ষোভ ক্রমশ বাড়ছে সাধারণ মানুষের মধ্যে।
স্থানীয় বাসিন্দাদের একটাই দাবি— অবিলম্বে উন্নত জলনিকাশি ব্যবস্থা গড়ে তোলা হোক, রাস্তা সংস্কার করা হোক এবং আগাছা পরিষ্কার করে এলাকার বাসযোগ্য পরিবেশ ফিরিয়ে আনা হোক। এখন দেখার, প্রশাসন ও জনপ্রতিনিধিরা এই দীর্ঘদিনের সমস্যার সমাধানে কত দ্রুত উদ্যোগ নেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *