খানাখন্দে ভরা স্কুলের রাস্তা, ঝুঁকি নিয়েই বিদ্যালয়ে যেতে বাধ্য পড়ুয়ারা।

পশ্চিম মেদিনীপুর, নিজস্ব সংবাদদাতা:- পশ্চিম মেদিনীপুর জেলার গড়বেতা ৩ নম্বর ব্লকের চন্দ্রকোনারোড গার্লস হাই স্কুলে যাওয়ার রাস্তার বেহাল অবস্থায় চরম ভোগান্তির শিকার হচ্ছেন স্কুলপড়ুয়া থেকে শুরু করে সাধারণ মানুষ। দীর্ঘদিন ধরে রাস্তার বিভিন্ন অংশে বড় বড় খানাখন্দ তৈরি হয়েছে। সামান্য বৃষ্টিতেই সেই গর্তে জল জমে কার্যত চলাচলের অযোগ্য হয়ে পড়ছে রাস্তা।

বৃহস্পতিবার সরেজমিনে সেই চিত্রই দেখা যায়, স্কুলের ছাত্রীদের জল-কাদা মাড়িয়ে ঝুঁকি নিয়ে বিদ্যালয়ে যাতায়াত করতে হচ্ছে। একই সমস্যায় পড়েছেন স্থানীয় বাসিন্দারাও। প্রতিদিন এই রাস্তা ব্যবহার করলেও দুর্ভোগের শেষ নেই বলে অভিযোগ তাঁদের।
এলাকাবাসীদের দাবি, অবিলম্বে রাস্তার সংস্কারের উদ্যোগ গ্রহণ করা হোক। তাঁদের বক্তব্য, স্কুলের মতো গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানে যাওয়ার প্রধান রাস্তার এমন বেহাল অবস্থা প্রশাসনের নজরে এনে দ্রুত স্থায়ী সমাধান করা অত্যন্ত জরুরি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *