সৌরবিদ্যুৎ ব্যবহারে উৎসাহ দিতে আমলাগোড়ায় সচেতনতামূলক শিবির।।

বিশেষ সংবাদদাতা, আমলাগোড়া:- প্রধানমন্ত্রী সূর্য ঘর মুফ্ত বিজলী যোজনা সম্পর্কে সাধারণ মানুষকে সচেতন করতে পশ্চিম মেদিনীপুরের আমলাগোড়ায় অনুষ্ঠিত হলো সচেতনতামূলক শিবির। আমলাগোড়া কাস্টমার কেয়ার সেন্টার, WBSEDCL-এর উদ্যোগে ও ব্যবস্থাপনায় আমলাগোড়া শ্যাম ভবনে এই শিবিরের আয়োজন করা হয়।

অনুষ্ঠানের মূল উদ্দেশ্য ছিল সাধারণ মানুষের কাছে প্রধানমন্ত্রী সূর্য ঘর যোজনার সুবিধা, আবেদন প্রক্রিয়া এবং বাড়িতে সৌরবিদ্যুৎ ব্যবহারের বিভিন্ন দিক তুলে ধরা। শিবিরে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গড়বেতা বিধানসভার বিধায়ক প্রদীপ লোধা। এছাড়াও উপস্থিত ছিলেন WBSEDCL মেদিনীপুর ডিভিশনের ডিভিশনাল ম্যানেজার গৌতম রায়, রিজিওনাল ম্যানেজার নারায়ণ চন্দ্র ভৌমিক, আমলাগোড়া বিদ্যুৎ দপ্তরের আধিকারিক ও কর্মীরা, গড়বেতা ১ নম্বর ব্লকের প্রশাসনিক আধিকারিক এবং এলাকার বিশিষ্ট ব্যক্তিরা।

শিবিরে আসা গ্রাহকদের প্রধানমন্ত্রী সূর্য ঘর যোজনায় আবেদনের পদ্ধতি, সরকারি ভর্তুকি এবং বাড়িতে সোলার প্যানেল বসানোর নিয়ম ও প্রক্রিয়া সম্পর্কে বিস্তারিত তথ্য দেওয়া হয়। উপস্থিত আধিকারিকরা সাধারণ মানুষের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন এবং প্রকল্পটি নিয়ে তাঁদের নানা সংশয় ও বিভ্রান্তি দূর করেন।

শিবিরের অন্যতম আকর্ষণ ছিল ইতিমধ্যেই এই প্রকল্পের সুবিধা নেওয়া গ্রাহকদের অভিজ্ঞতা ভাগ করে নেওয়া। তাঁরা বাড়িতে সোলার প্যানেল বসানোর পর কীভাবে বিদ্যুৎ বিল কমেছে এবং একইসঙ্গে পরিবেশ রক্ষায় কীভাবে তাঁরা ভূমিকা রাখছেন, সেই অভিজ্ঞতার কথা তুলে ধরেন। তাঁদের বাস্তব অভিজ্ঞতা শুনে উপস্থিত অন্যান্য গ্রাহকরাও সৌরবিদ্যুৎ ব্যবহারে উৎসাহিত হন।

আমলাগোড়া শ্যাম ভবনে আয়োজিত এই সচেতনতামূলক শিবিরে স্থানীয় বাসিন্দাদের ব্যাপক সাড়া মেলে। বিদ্যুৎ দপ্তরের এই উদ্যোগকে সাধুবাদ জানান উপস্থিত সাধারণ মানুষ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *