পশ্চিম মেদিনীপুর, নিজস্ব সংবাদদাতা:- “রাস্তায় চলার বিষয়ে মানুষকে সতর্ক করা যায়। তবে একবার সতর্ক করলেই হবে না। মানুষ অনেক সময় ভুলে যায়, তাই বারবার পথ নিরাপত্তার বিষয়ে সচেতন করতে হবে।” বিশেষ পথ নিরাপত্তা কর্মসূচির মঞ্চ থেকে এমনই বার্তা দিলেন মন্ত্রী দিলীপ ঘোষ।
পশ্চিম মেদিনীপুর জেলা পুলিশের উদ্যোগে গত ৩ আগস্ট থেকে ৯ আগস্ট পর্যন্ত পালিত হয় বিশেষ পথ নিরাপত্তা কর্মসূচি। রবিবার ছিল এই কর্মসূচির শেষ দিন। এদিন খড়গপুর পৌরসভার সামনে জেলা পুলিশের উদ্যোগে পথ নিরাপত্তা কর্মসূচির আয়োজন করা হয়।
পথ নিরাপত্তার বিভিন্ন বার্তা লেখা পোস্টার ও মাইকিং সহযোগে একটি শোভাযাত্রা খড়গপুর শহর পরিক্রমা করে। শোভাযাত্রায় বিভিন্ন বিদ্যালয়ের পড়ুয়ারা অংশগ্রহণ করে। পাশাপাশি পথ নিরাপত্তা কর্মসূচির অংশ হিসেবে ট্রাফিক পুলিশকর্মীদের রেইনকোট ও ছাতা প্রদান করা হয়। অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে মন্ত্রী দিলীপ ঘোষ বলেন, একজন ব্যক্তির ভুলের কারণে রাস্তায় দুর্ঘটনা ঘটতে পারে। কিন্তু সেই দুর্ঘটনার দুর্ভোগ বহু মানুষকে পোহাতে হয়। দুর্ঘটনায় কেউ আহত বা নিহত হতে পারেন। দুর্ঘটনার জেরে দীর্ঘক্ষণ রাস্তা অবরুদ্ধ হয়ে যানজট তৈরি হতে পারে। এমনকি কখনও কখনও উত্তেজিত পরিস্থিতিতে গাড়ি ভাঙচুর বা আগুন দেওয়ার ঘটনাও ঘটে। এর ফলে সাধারণ মানুষকেই সমস্যায় পড়তে হয়।
তাই সকলকে সতর্ক হয়ে রাস্তায় চলাচল করার পাশাপাশি নিয়ম মেনে গাড়ি চালানোর বার্তা দেন তিনি। পথ নিরাপত্তা সম্পর্কে মানুষকে নিয়মিত সচেতন করার উপরও জোর দেন মন্ত্রী।
এই দিনের কর্মসূচিতে উপস্থিত ছিলেন পশ্চিম মেদিনীপুর জেলা পুলিশ সুপার পাপিয়া সুলতানা-সহ জেলা পুলিশের অন্যান্য আধিকারিক ও ট্রাফিক পুলিশকর্মীরা।
বারবার পথ নিরাপত্তার বার্তা দিতে হবে, খড়গপুরে বিশেষ কর্মসূচির মঞ্চ থেকে বললেন দিলীপ ঘোষ।












Leave a Reply