‘ভারত মাতা কি জয়’ ধ্বনিতে মুখর মুচিয়া, আইহো ব্রিজ পর্যন্ত বর্ণাঢ্য তিরঙ্গা যাত্রা।

মালদা, নিজস্ব সংবাদদাতা:– ভারতের ৮০তম স্বাধীনতা দিবস উপলক্ষে শনিবার সকালে পুরাতন মালদার মুচিয়া গ্রাম পঞ্চায়েত এলাকায় বিজেপি মণ্ডল চার মুচিয়া গ্রাম পঞ্চায়েতের উদ্যোগে বর্ণাঢ্য হর ঘর তিরঙ্গা যাত্রার আয়োজন করা হয়। জাতীয় পতাকা হাতে নিয়ে শোভাযাত্রায় অংশ নেন জনপ্রতিনিধি থেকে শুরু করে এলাকার মানুষ। স্বাধীনতা দিবসের আবহে এদিন দেশাত্মবোধের আবেগে মুখর হয়ে ওঠে মুচিয়া এলাকা।
শনিবার সকালে মুচিয়া মহাদেবপুর বাসস্ট্যান্ড থেকে তিরঙ্গা যাত্রার সূচনা হয়। হাতে জাতীয় পতাকা নিয়ে শোভাযাত্রাটি বিভিন্ন এলাকা পরিক্রমা করে আইহো ব্রিজ পর্যন্ত যায়। শোভাযাত্রায় অংশগ্রহণকারীদের হাতে ছিল জাতীয় পতাকা। পাশাপাশি ‘ভারত মাতা কি জয়’ স্লোগানে মুখরিত হয়ে ওঠে গোটা এলাকা।
এদিনের তিরঙ্গা যাত্রায় উপস্থিত ছিলেন মুচিয়া গ্রাম পঞ্চায়েতের প্রধান পলি দাস, জেলা পরিষদ সদস্য জ্যোৎস্না সরকার,পুরাতন মালদা পঞ্চায়েত সমিতির ভূমি কর্মাধ্যক্ষ অসিত সরকার-সহ অন্যান্য জনপ্রতিনিধি। এছাড়াও আইসিডিএস কর্মী, আশা কর্মী এবং আধা-সরকারি কর্মীরাও এই শোভাযাত্রায় অংশগ্রহণ করেন।
শোভাযাত্রায় অংশগ্রহণকারীরা হাতে জাতীয় পতাকা নিয়ে পায়ে হেঁটে মুচিয়ার বিভিন্ন এলাকা পরিক্রমা করেন। স্বাধীনতা দিবসের আগে এই তিরঙ্গা যাত্রার মধ্য দিয়ে দেশপ্রেম, জাতীয় ঐক্য ও সম্প্রীতির বার্তা তুলে ধরা হয়। শোভাযাত্রাকে কেন্দ্র করে স্থানীয় বাসিন্দাদের মধ্যেও ব্যাপক উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা যায়। উদ্যোক্তাদের দাবি, স্বাধীনতা দিবসের তাৎপর্য সাধারণ মানুষের মধ্যে আরও বেশি করে ছড়িয়ে দেওয়া এবং দেশের প্রতি শ্রদ্ধা ও ভালোবাসার বার্তা পৌঁছে দেওয়াই এই তিরঙ্গা যাত্রার মূল উদ্দেশ্য। শনিবারের এই কর্মসূচিকে ঘিরে মুচিয়া এলাকায় সকাল থেকেই ছিল উৎসবের আবহ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *