যাদবপুর বিশ্ববিদ্যালয়ে জিবি মিটিং ঘিরে তুমুল উত্তেজনা, SFI-ABVP-র মধ্যে হাতাহাতি ও সংঘর্ষ।

যাদবপুর, নিজস্ব সংবাদদাতা:- জেনারেল বডি মিটিং বা জিবি কে কেন্দ্র করে উত্তপ্ত যাদবপুর বিশ্ববিদ্যালয়। বুধবার ক্যাম্পাসে SFI এবং ABVP সমর্থকদের মধ্যে তুমুল সংঘর্ষের ঘটনা ঘটেছে বলে অভিযোগ। সংঘর্ষে দুই পক্ষেরই বেশ কয়েকজন আহত হয়েছেন বলে জানা গিয়েছে। আহতদের হাসপাতালে নিয়ে গিয়ে চিকিৎসা করা হয়েছে।

জানা গিয়েছে বুধবার যাদবপুর বিশ্ববিদ্যালয়ে SFI সহ বামপন্থী ছাত্র সংগঠনগুলির উদ্যোগে জেনারেল বডি মিটিংয়ের আয়োজন করা হয়েছিল। সেই বৈঠকের বিরোধিতা করে ABVP। তাদের দাবি বর্তমানে বিশ্ববিদ্যালয়ে কোনও নির্বাচিত ছাত্র সংসদ নেই। পাশাপাশি ছাত্র সংসদ সংক্রান্ত কোনও নতুন নির্দেশিকাও জারি হয়নি। এই পরিস্থিতিতে কীভাবে জিবি মিটিং ডাকা হল তা নিয়েই প্রশ্ন তোলে ABVP।

অভিযোগ জিবি মিটিংয়ের বিরোধিতা করতে গিয়ে ABVP সমর্থকদের সঙ্গে বামপন্থী ছাত্র সংগঠনগুলির সদস্যদের বচসা শুরু হয়। পরে তা হাতাহাতি ও সংঘর্ষের আকার নেয়। পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে বিশ্ববিদ্যালয় চত্বরে। ঘটনায় দুই পক্ষেরই বেশ কয়েকজন আহত হয়েছেন বলে খবর।

সংঘর্ষের খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছন স্থানীয় বিধায়িকা শর্বরী মুখোপাধ্যায়। আহত পড়ুয়াদের নিয়ে তিনি যাদবপুর থানায় যান। সেখানে বামপন্থী ছাত্র সংগঠনগুলির বিরুদ্ধে পরিস্থিতি উত্তপ্ত করার অভিযোগ তোলেন তিনি। SFI-এর সর্বভারতীয় সাধারণ সম্পাদক সৃজন ভট্টাচার্যের নাম উল্লেখ করেও হুঁশিয়ারি দেন বিধায়িকা বলে দাবি।

এরপর যাদবপুর থানার সামনে ABVP সমর্থকরা অভিযুক্তদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবিতে বিক্ষোভ দেখান। অন্যদিকে বামপন্থী ছাত্র সংগঠনগুলিও পাল্টা ABVP-র বিরুদ্ধে হামলার অভিযোগ তুলেছে।

ঘটনাকে কেন্দ্র করে যাদবপুর বিশ্ববিদ্যালয় চত্বরে এখনও উত্তেজনা রয়েছে। সংঘর্ষের ঘটনায় পুলিশ কী পদক্ষেপ করে এখন সেদিকেই নজর।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *