মালদা, নিজস্ব সংবাদদাতা:-মালদা-নালাগোলা রাজ্য সড়কের বুলবুলচন্ডী রেলস্টেশনের আন্ডারপাস যেন দিন দিন মরণফাঁদে পরিণত হচ্ছে। অভিযোগ, এই রাস্তা দিয়ে প্রতিদিন অতিরিক্ত পণ্য বোঝাই যানবাহন চলাচল করায় বারবার সমস্যার সৃষ্টি হচ্ছে রেলব্রিজের নিচের আন্ডারপাসে। কখনও লোহার ব্যারিকেডে গাড়ি ধাক্কা লেগে তা ভেঙে যাচ্ছে, আবার কখনও ব্যারিকেড বা কাঠামো ভেঙে পড়ে রাস্তা বন্ধ হয়ে যাচ্ছে।
বুধবার বিকেলেও ফের ঘটল একই ধরনের ঘটনা। জানা গেছে, মালদা থেকে পাকুয়াহাটের দিকে যাচ্ছিল একটি মালবোঝাই ১৪ চাকার লরি। বুলবুলচন্ডী রেলস্টেশনের আন্ডারপাসের কাছে পৌঁছতেই লরিটির আন্ডারপাসের লোহার ব্যারিকেড আটকে গিয়ে ভেঙে পড়ে।
সেই সময় পাশ দিয়ে বাইক নিয়ে যাচ্ছিলেন এক ব্যক্তি। আচমকাই লোহার ব্যারিকেড ভেঙে পড়ায় অল্পের জন্য প্রাণে বেঁচে যান তিনি। ঘটনাকে কেন্দ্র করে বেশ কিছুক্ষণ যান চলাচল বন্ধ হয়ে পড়ে মালদা নালাগোলা রাজ্য সড়কে এি ঘটনাকে ঘিরে এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে।
স্থানীয়দের অভিযোগ, আন্ডারপাসটির উচ্চতা নিয়ে দীর্ঘদিন ধরেই সমস্যা রয়েছে। অতিরিক্ত উচ্চতার পণ্যবাহী যানবাহন চলাচলের সময় বারবার দুর্ঘটনার আশঙ্কা তৈরি হচ্ছে। তাঁদের দাবি, বিষয়টি গুরুত্ব দিয়ে দেখে দ্রুত স্থায়ী ব্যবস্থা নেওয়া হোক, যাতে ভবিষ্যতে বড় ধরনের দুর্ঘটনা না ঘটে।
আন্ডারপাসে আটকে গেল মালবোঝাই লরি, ভেঙে পড়ল ব্যারিকেড—বেশ কিছুক্ষণ বন্ধ যান চলাচল।












Leave a Reply