আলিপুরদুয়ার, নিজস্ব সংবাদদাতা:- বৃষ্টি হলেই হাঁটুজল, বেহাল নিকাশি ব্যবস্থায় গত কয়েক বছর ধরে বন্ধ দশমীর মেলা। সেই সমস্যা কাটিয়ে এবার ফের জটেশ্বরের শতাব্দী প্রাচীন গরুহাটি ময়দানে দশমীর মেলা আয়োজনের উদ্যোগ। মঙ্গলবার মেলার মাঠ পরিদর্শন করলেন জটেশ্বর দশমী ঘাট কমিটির সদস্যরা। মাঠের বিভিন্ন অংশ ঘুরে দেখে নিকাশি ব্যবস্থা-সহ সামগ্রিক পরিস্থিতি খতিয়ে দেখেন তাঁরা। স্থানীয়দের অভিযোগ, সামান্য বৃষ্টি হলেই গরুহাটি ময়দানে জল জমে যায়। ফলে মেলা আয়োজন কার্যত অসম্ভব হয়ে পড়ে। গত দু-তিন বছর ধরে এই সমস্যার কারণে সেখানে বিজয়া দশমীর মেলা অনুষ্ঠিত হয়নি। তবে এই সমস্যা এবার কাটিয়ে উঠতে উদ্যোগী হয়েছে নতুন জটেশ্বর দশমী ঘাট কমিটি। এদিন মাঠ পরিদর্শনের পর কমিটির সদস্যরা জানান, সমস্ত দিক থেকে প্রস্তুতি নিয়ে এবছর দশমীর মেলা আয়োজনের চেষ্টা করা হচ্ছে।
অন্যদিকে, গরুহাটি ময়দানের নিকাশি ব্যবস্থা নিয়ে সরব হয়েছেন জটেশ্বর ২ নম্বর অঞ্চল কংগ্রেস সভাপতি নারায়ণ সাহা। তিনি জানান, গত এক/ দুই বছর ধরে ওই মাঠের নিকাশি ব্যবস্থা বেহাল থাকায় দশমী মেলা বন্ধ হয়ে রয়েছে। দ্রুত গরুহাটি ময়দান সংস্কার করে ফের দশমীর মেলা আয়োজনের দাবি জানান তিনি। এবিষয়ে জটেশ্বর ২ নম্বর গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান অর্ণব ঘোষ বলেন, গরুহাটি ময়দানে নিকাশি ব্যবস্থার সমস্যার বিষয়টি আমাদের নজরে এসেছে। মেলা আয়োজনের ক্ষেত্রে যাতে কোনও সমস্যা না হয়, সে জন্য দ্রুত মাঠের পরিস্থিতি খতিয়ে দেখে প্রয়োজনীয় সংস্কারের উদ্যোগ নেওয়া হবে। দশমীর মেলা সুষ্ঠুভাবে আয়োজনের জন্য গ্রাম পঞ্চায়েতের পক্ষ থেকে সবরকম সহযোগিতা করা হবে।”












Leave a Reply