কলকাতা, নিজস্ব সংবাদদাতা:- সাতসকালে কলকাতার শেক্সপিয়র সরণিতে এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের (ED) অভিযান ঘিরে চাঞ্চল্য ছড়াল। একটি আবাসনের ফ্ল্যাটে তল্লাশি চালাচ্ছে ED-র ছয় সদস্যের একটি দল। সূত্রের খবর, জাতীয় সড়ক থেকে টোল আদায়ে দুর্নীতির অভিযোগের তদন্তের সূত্র ধরেই এই তল্লাশি অভিযান।
জানা গিয়েছে, শুধু পশ্চিমবঙ্গেই নয়, একই মামলার তদন্তে উত্তরপ্রদেশ, রাজস্থান, মহারাষ্ট্র এবং মধ্যপ্রদেশ-সহ একাধিক রাজ্যেও একযোগে তল্লাশি অভিযান চালানো হচ্ছে।
সাতসকালে ED আধিকারিকদের একটি দল শেক্সপিয়র সরণির ওই আবাসনে পৌঁছয়। এরপর নির্দিষ্ট একটি ফ্ল্যাটে শুরু হয় তল্লাশি। তদন্তের স্বার্থে ওই ফ্ল্যাট থেকে নথিপত্র বা অন্যান্য গুরুত্বপূর্ণ সামগ্রী খতিয়ে দেখা হচ্ছে বলে জানা গিয়েছে।
জাতীয় সড়কে টোল আদায় সংক্রান্ত আর্থিক অনিয়ম ও দুর্নীতির অভিযোগের তদন্তেই এই অভিযান বলে প্রাথমিকভাবে জানা যাচ্ছে। তবে ঠিক কী ধরনের অনিয়মের অভিযোগ রয়েছে এবং তল্লাশিতে কী কী নথি বা তথ্য উদ্ধার হয়েছে, সে বিষয়ে এখনও ED-র তরফে বিস্তারিত কিছু জানানো হয়নি।
একইসঙ্গে একাধিক রাজ্যে তল্লাশি চালানোয় তদন্তের পরিধি যথেষ্ট বিস্তৃত বলেই মনে করা হচ্ছে। ED-র এই অভিযানের জেরে শেক্সপিয়র সরণি এলাকায় সকাল থেকেই তৈরি হয়েছে কৌতূহল ও চাঞ্চল্য।












Leave a Reply